ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা, পুলিশের তৎপরতায় রক্ষা পেল চিকিৎসক
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

উত্তরপ্রদেশ, ২২ নভেম্বর: উত্তরপ্রদেশের বেরেলিতে ডিজিটাল অ্যারেস্টের শিকার হলেন এক চিকিৎসক। জঙ্গি সংগঠনে অর্থ জোগানের অভিযোগ তুলে রাতভর তাঁকে ভয় দেখিয়ে প্রতারণার চেষ্টা চালায় সাইবার প্রতারকরা। তবে সময়মতো পুলিশের হস্তক্ষেপে বড়োসড়ো আর্থিক প্রতারণার হাত থেকে রক্ষা পান এই চিকিৎসক।

Advertisement

জানা গিয়েছে, রাত প্রায় ৮টা নাগাদ ডা. খুরশিদ মুরাদ সিদ্দিকির কাছে একটি অজানা নম্বর থেকে ওয়াটসঅ্যাপ কল আসে। এক মহিলা নিজেকে লখনউয়ের এটিএস আধিকারিক বলে পরিচয় দেন ওই কলে। এরপরে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা বলানো হয়, যিনি নিজেকে উচ্চপদস্থ আধিকারিক বলে দাবি করেন। প্রতারকরা জানায়,  চিকিৎসকের আধার কার্ড ব্যবহার করে পশ্চিমবঙ্গের হুগলিতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে জঙ্গি সংগঠনগুলিকে প্রায় ২.৫ কোটি টাকা পাঠানো হয়েছে বলেও দাবি করে প্রতারকরা।
এমনকী, এক জঙ্গির জেরায় চিকিৎসকের নাম উঠে এসেছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও হুমকি দেওয়া হয়। আতঙ্কিত চিকিৎসক পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে একটি ঘরে নিজেকে বন্দি করে রাখেন। পরদিন সকালে ব্যাঙ্কে গিয়ে আরটিজিএস ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হলে সন্দেহ হয় তাঁর। এরপর ম্যানেজারকে বিষয়টি জানানোর পর পুলিশের দ্বারস্থ হন। পুলিশের হস্তক্ষেপে সামনে আসে প্রতারণার ছক। তদন্তকারীদের সাহায্যে বড়োসড়ো আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান চিকিৎসক।