বিচারপতি ভেবে ওয়েইসিকেই ‘গার্ড অব অনার’! যোগীরাজ্যের পুলিশের কাণ্ডে শোরগোল
  • ২২ নভেম্বর, ২০২৬ ১২:৪৪
Prefer us on Google

লখনউ, ২২ নভেম্বর: বিচারপতির জন্য সাজানো ছিল আনুষ্ঠানিক অভ্যর্থনার মঞ্চ। সকাল থেকেই প্রস্তুত ছিল পুলিশ বাহিনী। কিন্তু নির্ধারিত অতিথি আসার আগেই সেখানে হাজির হলেন অন্য এক রাজনৈতিক নেতা। আর তাঁকেই বিচারপতি ভেবে সটান 'গার্ড অব অনার' দিয়ে বসল পুলিশ যোগীরাজ্যের পুলিশ। উত্তরপ্রদেশের সাহারানপুরের সার্কিট হাউসে শনিবার এমনই নজিরবিহীন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ভুল বুঝতে পেরে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার।

Advertisement

ঘটনার কেন্দ্রে এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। জানা গিয়েছে, শনিবার সকালে সুপ্রিম কোর্টের এক বিচারপতির সার্কিট হাউসে আসার কথা ছিল। সেই উপলক্ষে আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল পুলিশকর্মীদের একটি দল। বিচারপতিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর জন্য যাবতীয় প্রস্তুতিও সেরে রাখা হয়েছিল।  কিন্তু বিচারপতি পৌঁছনোর আগেই সার্কিট হাউসে এসে হাজির হন ওয়েইসি। স্থানীয় সূত্রের খবর, সার্কিট হাউসে তাঁর যাওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ ছিল না। আচমকাই সেখানে পৌঁছে যান তিনি। আর তাতেই বিপত্তি। উপস্থিত পুলিশকর্মীরা তাঁকে বিচারপতি ভেবে ভুল করেন বলে অভিযোগ। এরপর কোনওরকম পরিচয় যাচাই না করেই তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। ওয়েইসিও দাঁড়িয়ে সেই আনুষ্ঠানিক অভিবাদন গ্রহণও করেন। সেই সময় ওয়েইসির সঙ্গে ছিলেন আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)-র প্রধান চন্দ্রশেখর আজাদ। ঘটনাটি সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন নির্দিষ্ট ব্যক্তিকে সম্মান জানানোর জন্য যখন আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া হয়েছিল, তখন তাঁর পরিচয় নিশ্চিত না করেই কীভাবে অন্য একজনকে গার্ড অব অনার দেওয়া হল, তা নিয়েই উঠছে প্রশ্ন। সাহারানপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। পুলিশ সুপার-কে গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও বিবৃতিতে জানিয়েছে পুলিশ।