পুলিশের চোখে ধুলো দিয়েই থানার ভাঙা জানলা দিয়ে চম্পট দিল গাড়ি চোর! চাঞ্চল্য এলাকায়
  • ২২ নভেম্বর, ২০২৬ ১২:২৩
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের কড়া নজরদারি আর হেফাজতের নিরাপত্তা বলয় ভেদ করেই থানার অন্দর থেকে উধাও গাড়ি চুরি কাণ্ডে ধৃত অভিযুক্ত। দুর্গাপুরের কোক ওভেন থানার ভাঙা জানলা দিয়েই পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর অভিযোগ উঠল মনোজ চক্রবর্তীর নামক এক অভিযুক্তের বিরুদ্ধে। থানার ভিতরেই যদি নিরাপত্তার এমন ফাঁকফোকর থাকে, তাহলে প্রশ্ন উঠছে পুলিশের হেফাজতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

উল্লেখ্য, দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কল্পনা পেট্রোল পাম্পের সামনে থেকে একটি গাড়ি চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিহারের ঔরঙ্গবাদ থেকে গাড়িটি উদ্ধারের পাশাপশি  উত্তর ২৪ পরগনার বাসিন্দা মনোজকে গ্রেপ্তার করে তদন্তকারী দল। পরে আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। 

অভিযোগ, গতকাল রাতে থানার একটি ভাঙা জানলা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। শুরু হয় তল্লাশি। এই ঘটনায় থানার নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, পুরনো পরিকাঠামোর উপর নির্ভর করেই চলছে একাধিক থানা। পুলিশের আধুনিকীকরণ, সিসিটিভি ও উন্নত পরিকাঠামো জরুরি সব থানায়। নিরাপত্তার ফাঁকফোকর চিহ্নিত করে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।