১২ নম্বর জাতীয় সড়কের একধারে ১৫ কিমিজুড়ে কাদা! বিপাকে যান চলাচল
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: জাতীয় সড়কের একধার দিয়ে দীর্ঘ এলাকায় মাটি পড়েছিল। নিম্নচাপের বৃষ্টিতে তা পরিণত হয়েছে কাদায়। আর এর ফলে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক! ওই জাতীয় সড়কের অধিকাংশ অংশ জুড়ে জমে রয়েছে ধান কাটার কাজে ব্যবহৃত ট্রাক্টর ও হারভেস্টারের চাকা থেকে খসে পড়া মাটি। বৃষ্টির জলে সেই মাটি কাদায় পরিণত হওয়ায় রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে উঠেছে। বিশেষ করে বাইক ও টোটো চালকদের কাছে এই রাস্তা দিয়ে যাতায়াত এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ। ব্রেক কষলেই চাকা পিছলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

শনিবার ইটাহার থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার জাতীয় সড়ক জুড়ে এমন বিপজ্জনক পরিস্থিতি দেখা গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপের পাশাপাশি ট্রাক্টর ও হারভেস্টার চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইটাহার থানার পুলিশ।
বর্তমানে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় জোরকদমে চলছে আমন ধান কাটার কাজ। জাতীয় সড়কের দু›পাশে বিস্তীর্ণ কৃষিজমি থাকায় ধান কাটার জন্য হারভেস্টার এবং মাঠ থেকে ধান বাড়িতে নিয়ে যেতে ট্রাক্টর ব্যবহার করছেন কৃষকরা। অভিযোগ, জমি থেকে জাতীয় সড়কে ওঠার সময় কৃষি যন্ত্রের চাকায় লেগে থাকা মাটি রাস্তায় পড়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই জাতীয় সড়কের বিভিন্ন অংশে মাটি জমে থাকলেও শনিবার দিনভর নিম্নচাপের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কাদা মাটির কারণে রাস্তার দুই লেনের বিস্তীর্ণ অংশ পিচ্ছিল হয়ে পড়েছে। আতঙ্কে অর্ধেক রাস্তা দিয়ে যানবাহন চলাচল কার্যত বন্ধ। পথচলতি মানুষরাও যাতায়াত করতে ভয় পাচ্ছেন। ইতিমধ্যে কয়েকটি বাইক পিছলে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।
বাইক চালক প্রতীক মণ্ডল বলেন, জাতীয় সড়ক দিয়ে বাইক চালানো অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। কাদার উপর ব্রেক করলেই চাকা পিছলে যাচ্ছে। যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। একই সমস্যার কথা জানিয়ে টোটো চালক আশরাফুল হক বলেন, যাত্রী নিয়ে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হচ্ছে। পাশে কাদা থাকায় বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
অন্যদিকে, দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে কয়েকটি জায়গায় ব্যারিকেড বসানোর কাজ শুরু হয়েছে। সমাজমাধ্যমে প্রচার এবং রাস্তায় দাঁড়িয়ে যানবাহন চালকদের সতর্ক করছে ইটাহার থানার পুলিশ। জমি থেকে জাতীয় সড়কে ওঠার আগে ট্রাক্টর ও হারভেস্টারের চাকা থেকে কাদা মাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইটাহার থানার আইসি গৌতম চৌধুরী বলেন, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ট্রাক্টর ও হারভেস্টারের চালক এবং মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র