নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক রাজ্যের পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর এলাকার দক্ষিণ প্রান্ত জুড়ে বইছে দামোদর নদী। বিধানসভা এলাকার মধ্যেই রয়েছে তিরাট, ডামরার মত একাধিক বালিঘাট। বালি উত্তোলন ও গ্রামের ভেতর দিয়ে বালির গাড়ি যাতায়াত নিয়ে বারবার উত্তাল হয়েছে ওই এলাকা। এবার এই বালির গাড়ি নিয়েই আন্দোলনের প্রেক্ষিতে কঠোর বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে এসে অগ্নিমিত্রা বলেন, অবৈধ কাজ হলে পুলিশ প্রশাসনকে জানান। আমাকে, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্য মন্ত্রী, বিধায়কদের লিখিতভাবে অভিযোগ করতে পারেন। কিন্তু বৈধ কোনো কারবারে বাধা দিয়ে লোকজন জড়ো করে বিক্ষোভ দেখালে সেটা বরদাস্ত করা হবে না। এনিয়ে কোনো দাদাগিরি বা দিদিগিরি মেনে নেব না। পুলিশ কিন্তু পদক্ষেপ করবে। আমার বিধানসভা এলাকার আমরাসোতা পঞ্চায়েত এলাকাতেও কোলিয়ারি বন্ধ করে আন্দোলন হচ্ছে। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি। কিন্তু পুলিশ এবার ব্যবস্থা নেবে। প্রসঙ্গত বালির কারবার নিয়ে কয়েকদিন ধরেই চাঞ্চল্য ছড়িয়েছিল আসানসোল দক্ষিণ বিধানসভায়। আসানসোল দক্ষিণ থানার ডামরায় বালি ট্রাকটর আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সেখানে বিজেপির বহু নেতা-নেত্রীকে দেখা গিয়েছিল। অভিযোগ, পুরুলিয়ার চালান নিয়ে বালি কারবার হচ্ছে আসানসোলে। জনবহুল এলাকা দিয়ে বেপরোয়া ভাবে ছুটছে বালি ট্রাক্টর। এদিন সেই প্রসঙ্গ তুলে ধরে অগ্নিমিত্রা বলেন ওঁরা সবাই আমার কাছে এসেছিলেন। আমি নির্দেশ দিয়েছি স্কুলের সময় ওই এলাকা দিয়ে ট্রাক্টরের বালি পরিবহণ হবে না। বাকি সময় বালি পরিবহণ হবে। কিন্তু জনবহুল এলাকায় ট্রাক্টর নিয়ে যেতে গেলে চালকদের সঠিকভাবে প্রশিক্ষিত করতে হবে। হাড়াভাঙায় বালির গাড়ি আটকানো প্রসঙ্গে তিনি বলেন, ওখানকার আন্দোলনকারীরা জানিয়েছেন হারভাঙ্গা ব্রিজ সংস্কারের দাবি জানিয়ে এই আন্দোলন। ওই আন্দোলনের কারণ বুঝতে পারছি না। কারণ তিন মাস আগেই সিদ্ধান্ত হয়েছে ওই সেতু নতুন করে তৈরি হবে। কিন্তু তারপরও কেন এই আন্দোলন।
রাজ্যে পালাবদলের পর থেকে বালি কারবার নিয়ে শিল্পাঞ্চল জুড়ে প্রবল টানাপোড়েন চলছে। একদিকে যেমন অভিযোগ উঠেছে বিজেপির একটি অংশকে সন্তুষ্ট করে অবৈধ বালির কারবার চলছে তেমনই এমনও অভিযোগ উঠেছে বিজেপির যে অংশ টাকার ভাগ পাচ্ছে না তাঁরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। এর জেরে অনেক ক্ষেত্রেই বৈধভাবে বালি কারবার করা ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়ছেন। বহু ট্রাক্টর চালকেরও সমস্যা হচ্ছে। তাঁদের দাবি, রাস্তার মোড়ে, মোড়ে টাকার দাবি করা হচ্ছে । এরপরে অগ্নিমিত্রা পালের এই কড়া প্রতিক্রিয়ায় পরিস্থিতি কতটা পরিবর্তন হয় সেই দিকেই নজর শিল্পাঞ্চলবাসী।



