সংবাদদাতা, তুফানগঞ্জ: রাজস্থানের জয়পুর থেকে অ্যাম্বুলেন্সে করে সহকর্মীর মৃতদেহ নিয়ে কোচবিহারে ফেরার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। নিহতদের মধ্যে তিনজন কোচবিহার জেলার বাসিন্দা এবং বাকি দু’জন অ্যাম্বুলেন্সের চালক। তাঁদের বাড়ি রাজস্থানে। শনিবার ভোরে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের বারাবাকি জেলার সুবেহা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ধারে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে ছিল। সেই সময় দ্রুতগতিতে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং গাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, কোচবিহারের হরিণচড়ার বাসিন্দা আজিজুল হক (৩৮) রাজস্থানের জয়পুরে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। সম্প্রতি সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামে ফিরিয়ে আনতে গিয়েছিলেন তাঁরই তিন সহকর্মী তুফানগঞ্জের বালাভূতের বাসিন্দা রফিকুল হক (৫২) ও আমিনুর হক (৪৮) এবং হরিণচড়ার বাসিন্দা মকবুল খান (৩০)। ফেরার পথে দুর্ঘটনায় তাঁদের তিনজনেরই মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অ্যাম্বুলেন্সের দুই চালকও। শনিবার সকালে এখবর তুফানগঞ্জ ও হরিণচড়া এলাকায় পৌঁছতেই গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহগুলি দ্রুত গ্রামে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে পরিবার ও প্রশাসন।
মৃতের আত্মীয় মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবরটি স্থানীয় প্রশাসন থেকে সকালে আমরা জানতে পেরেছি। আমার ভাই এবং ভাইপো সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ওরা রাজস্থান থেকে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে ফিরছিল। কিন্তু মাঝপথে এমন সর্বনাশ হয়ে যাবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা চাই, প্রশাসন দ্রুত মৃতদেহগুলি গ্রামে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।
এব্যাপারে বালাভূত গ্রাম পঞ্চায়েত প্রধান নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আমার এলাকার দু’জনের মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই আমি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছি। দেহগুলি যত দ্রুত সম্ভব গ্রামে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।



