মুর্শিদাবাদ থেকে তিন সাংসদ নিয়েই হবে ইন্ডিয়া জোট, মন্তব্য কল্যাণের, আখরুজ্জামান-ঋতব্রতদের জেলে ঢোকানোর হুঁশিয়ারি
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, জঙ্গিপুর: মুর্শিদাবাদ থেকে তিনজন সাংসদ নিয়েই ইন্ডিয়া জোট গঠন হবে। শনিবার মুর্শিদাবাদে দলীয় সংগঠনের কাজে এসে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মমতা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি, আগামী লোকসভা নির্বাচন ২০২৯সালের আগেই হবে বলে তিনি মন্তব্য করেন। এদিন রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী হওয়া নিয়েও তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন। এরপর বিকালে রঘুনাথগঞ্জে গিয়ে আখরুজ্জামান-ঋতব্রতদের জেলে ঢোকাবেন বলে হুঁশিয়ারি দেন। তাঁর এসব মন্তব্য ঘিরে জেলার রাজনৈতিক মহলে চর্চা চলছে।

Advertisement

বহরমপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণবাবু বলেন, কংগ্রেস ভাল রেজাল্ট করছে। দেড়-দু’মাসের মধ্যে আমি দু’বার রাজস্থান গিয়েছিলাম। একবার বিকানের, আর একবার ওই জয়পুরের আগে একটা জায়গায় গিয়েছি। তখন মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তারা বিজেপি-বিরোধী হয়ে গিয়েছে। সারা ভারতে বিজেপি বিরোধী হাওয়া বইছে। মোদিকে এবার চলে যেতে হবে।
ইন্ডিয়া জোট নিয়ে বলেন, এখনো পর্যন্ত যা ঠিক আছে, ইন্ডিয়া জোট হবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা লড়ব। অধীর চৌধুরী কে! আমরা তো জোট করব কংগ্রেসের সঙ্গে। সে তো ইন্ডিয়া জোটের ফরমুলায় হবে। এদিন তিনি ঋতব্রত শিবিরকে কটাক্ষ করে বলেন, ডেমোক্রেটিকটাকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। দূরবিন দিয়ে দেখতে হচ্ছে। নিজের অবস্থা বুঝতে পেরেছ তো? পরবর্তীতে পার্লামেন্ট ইলেকশন অবশ্যই ২০২৯সালের আগেই হবে। মুর্শিদাবাদ জেলা থেকে তিনটে এমপি আমরা বের করব। ইন্ডিয়া অ্যালায়েন্সে ইলেকশন হবে, কোনো চিন্তা নেই।
এদিন বিকালে রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে বিজয়া সম্মিলনিতে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, আখরুজ্জামান-ঋতব্রতদের জেলে ঢোকাব। রেকর্ড সংখ্যক পুলিশকেও জেলে পাঠাব। আখরুজ্জামান অবৈধভাবে মুখ্য সচেতকের পদে বসে সুবিধা ভোগ করছে। দিদির দয়ায় জিতে এরা চলে গিয়েছে। মীরজাফরের পর আর কেউ এত বড় গদ্দারি করেনি। এদের বিচার হবে। এরা যদি কাউন্সিলার নির্বাচনে দাঁড়িয়ে একজনও জিতে দেখাতে পারে, তাহলে আমরা তৃণমূলের জোড়াফুল প্রতীক ছেড়ে দেব।
এদিন তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও ‘রেজিস্টার্ড তোলাবাজ’ বলে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় রাস্তায় কীর্তন করে বেড়াচ্ছে। সঙ্গত দিচ্ছে ঋতব্রত। দুটোই মিলেছে ভাল। কাউকে ছাড়া হবে না। ২৯-এর আগেই কেন্দ্রে বিজেপি সরকারের পতন ঘটবে। দেশের আমলারা সেই বার্তা পেয়ে গিয়েছেন। তারপরই বাংলা থেকে বিজেপি বিদায় নেবে। মুর্শিদাবাদ থেকে লোকসভার তিনটি সিট আর বাংলায় ৪২-এর মধ্যে ৪০টি সিট জিতিয়ে দেখাব।