সংবাদদাতা, রানাঘাট: তোলাবাজি ও মারধরের অভিযোগে ধৃত রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালি বিশ্বাসের জামিন মঞ্জুর করল রানাঘাট আদালত। শনিবার আদালতে উভয় পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শুনে বিচারক এই নির্দেশ দেন। প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর তোলা চাওয়া ও মারধরের অভিযোগে রানাঘাট থানার পুলিশ ওই বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করেছিল। এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। জেলা বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, ওই নেত্রীকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পিয়ালি বিশ্বাসের আইনজীবী মৃন্ময় চক্রবর্তী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ আনা হয়েছিল পুলিশ কেস ডায়েরিতে তার কোনো উল্লেখ করেনি। এছাড়া ওই সংক্রান্ত কোনো তথ্য প্রমাণ আদালতে দাখিল করতে পারেনি। এনিয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। বিজেপি নেত্রীর জামিন প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, একটি মেয়ে জুয়ার ঠেক ভাঙতে গিয়েছিল। উলটে তাঁকেই মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সেই কারণেই তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন।
বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী জানান, পিয়ালির একা ওই জায়গায় যাওয়া উচিত হয়নি। আগামী দিনে পুলিশ প্রশাসনকে জুয়া ও সাট্টার ঠেক বন্ধ করতে আরও কড়া হতে হবে।



