নবীন পট্টনায়কের বিদেশ সফর ঘিরে বিতর্ক, তদন্তের নির্দেশ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৫:২৬
Prefer us on Google

ভূবনেশ্বর, ২২ নভেম্বর: বিদেশ সফর ঘিরে এবার রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁর বিদেশ সফর এবং সেই সফরে রাজকোষ থেকে হওয়া খরচের হিসাব নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আর সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে এবার তদন্তের নির্দেশ দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের সাধারণ প্রশাসন দপ্তরের প্রধান সচিবকে। 

Advertisement

মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবর্ষে নবীন পট্টনায়ক, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ভি কে পাণ্ডিয়ান এবং আইপিএস আধিকারিক রবি কান্তের জাপান ও ইতালি সফর খতিয়ে দেখবে তদন্তকারী কর্তৃপক্ষ। সামাজিক কর্মীদের একাংশের অভিযোগ, আরটিআই-এ পাওয়া বিদেশ সফরের খরচ সংক্রান্ত নথিতে একাধিক অসঙ্গতি রয়েছে। কোথাও ব্যয়ের হিসাব অসম্পূর্ণ, কোথাও আবার তথ্যের স্বচ্ছতার অভাব। এমনকী, বিদেশ সফর সংক্রান্ত কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন রাখা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই প্রকৃত ঘটনা সামনে আনতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

তবে এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্যে। বিরোধী দল বিজেডি নবীন পট্টনায়কের বিদেশ সফর নিয়ে তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, একই সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী মোহন মাঝি, তাঁর মন্ত্রিসভার সদস্য এবং শীর্ষ সরকারি আধিকারিকদের বিদেশ সফরের খরচও তদন্তের আওতায় আনার দাবি তুলেছে। বিজেডির মিডিয়া কো-অর্ডিনেটর লেনিন মহান্তির বক্তব্য, স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে তাঁদের দল বরাবরই সরব। কিন্তু যখনই বিজেপি নেতৃত্বাধীন সরকার কোনও সমস্যার মুখে পড়ে, তখনই মানুষের আসল সমস্যা থেকে নজর ঘোরাতে এ ধরনের পদক্ষেপ করা হয়। তাঁর দাবি, নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি কাজে মাত্র দু'বার বিদেশ সফর করেছিলেন। বিজেডির দাবি অনুযায়ী, ২০২২ সালের জুন মাসে ইতালি সফরে গিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নবীন। পাশাপাশি দারিদ্র্য দূরীকরণে ওড়িশার সাফল্যও তুলে ধরেছিলেন আন্তর্জাতিক মঞ্চে। এরপর ২০২৩ সালে এপ্রিল মাসে জাপান সফরে গিয়ে গুরুত্বপূর্ণ শিল্প বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।