রাজধানীতে ৫০০টি জাতীয় পতাকায় খরচ ২০০ কোটি, ‘দেশভক্তি কর্মসূচি’ নিয়ে জোর বিতর্ক
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কালকাজি, দ্বারকা থেকে এইমস চত্বর, দিল্লি ক্যান্টনমেন্ট, রাজীব গান্ধী স্টেডিয়াম... রাজধানীজুড়ে প্রায় সর্বত্র ১১৫ ফুট উঁচুতে উড়ছে বৃহদাকার জাতীয় পতাকা। সর্বমোট ৫০০টি। সেজন্য বিভিন্ন স্থানে বসানো হয়েছে উঁচু উঁচু খুঁটি বা ফ্ল্যাগপোল। কিন্তু সেই পতাকা তৈরি করতে, লাগাতে ও রক্ষণাবেক্ষণে ইতিমধ্যে কত খরচ হয়েছে জানেন? ২০০ কোটি টাকারও বেশি। সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজলন্ড্রি’তে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ২০২১ সালে আম আদমি পার্টি (আপ) সরকারের আমলে দিল্লিতে শুরু হয়েছিল ‘দেশভক্তি কর্মসূচি’। ২০২২ সালের মধ্যেই রাজধানীর সর্বত্র উড়তে থাকে ৩৫ ফুট বাই ৫০ ফুটের তেরঙ্গা। তারপর ‘যমুনা’ দিয়ে অনেক জল গড়িয়েছে। মসনদে বসেছে রেখা গুপ্তার নেতৃত্বে বিজেপি সরকার। তবে ওই ৫০০ জাতীয় পতাকার রক্ষণাবেক্ষণ বন্ধ হয়নি। বরং তার খরচ দিন দিন বাড়তে বাড়তে ছুঁয়ে ফেলেছে ২০০ কোটির অঙ্ক। নেটিজেন থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য— দেশভক্তির নামে বিপুল অর্থ অপচয় করা হয়েছে। এই পাহাড় প্রমাণ টাকায় দূষণে হাঁসফাঁস দিল্লির পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া যেত। জিটিবি হাসপাতালে প্রস্তাবিত ট্রমা সেন্টার তৈরি করা যেত। কেউ কেউ বলছেন, এই অর্থ ২০২৬-২৭ সালের বাজেটে নতুন সরকারি স্কুল বিল্ডিং নির্মাণে বরাদ্দের সমতুল্য। যদিও এনিয়ে মুখ খোলেনি অতীতের আপ সরকার বা বর্তমানে ক্ষমতাসীন বিজেপির নেতা-মন্ত্রীরা।

Advertisement

জাতীয় পতাকাগুলি লাগাতে প্রায় ১৩০ কোটি টাকা খরচ হয়েছিল সরকারি কোষাগার থেকে। সেগুলির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তিনটি সরকারি দরপত্রের হিসাব সামনে এনেছে অনলাইন সংবাদমাধ্যমটি। তাতে দেখা গিয়েছে, ২০২৩ সালে ৫০০টি তেরঙ্গার দেখভালের খরচ ছিল প্রায় ২২ কোটি ৩১ লক্ষ টাকা। ২০২৫ সালে তা বেড়ে হয় ২৬ কোটি ৫৩ লক্ষ টাকা। চলতি বছরে সেপ্টেম্বর মাসের দরপত্রে অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ৪৮ লক্ষে। ফলে সব মিলিয়ে খরচের বহর ছাপিয়ে গিয়েছে ২০০ কোটি টাকা।
কিন্তু কেন এত খরচ? পূর্তদপ্তর সূত্রে অবশ্য একাধিক কারণ সামনে আসছে। জানা যাচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর পতাকা ধোয়া, নিয়ম করে পরিবর্তন, ঝড়-ধুলো, দূষণের দাপটে সেগুলির দেখভাল করতে গিয়েই বিপুল টাকা ব্যয় হয়েছে। টেন্ডার-ভিত্তিক এই ব্যবস্থায় নতুন কিছু নিয়মও যুক্ত হয়েছে। আগে একটি পতাকা প্রায় চার মাস পর্যন্ত ব্যবহার করা যেত। প্রয়োজন অনুযায়ী পতাকা ধুয়ে পরিষ্কার করা বা মেরামতের সুযোগ ছিল। কিন্তু বারবার ধোয়ার ফলে কাপড়ের গুণগত মানের অবনতি ঘটছে। বিষয়টি স্বীকার করে নিয়েছেন পূর্তদপ্তরের মন্ত্রী প্রবেশ ভার্মা স্বয়ং। তাই নতুন নিয়মে প্রতিমাসেই পতাকা বদলানোর কথা বলা হয়েছে। শুরুর দিকে দু’বছরে ৩ হাজার পতাকা লাগত। এখন দু’বছরে প্রায় ১০ হাজার পতাকার প্রয়োজন। এছাড়াও ২০টি টিম মোটরবাইকে বিভিন্ন জায়গায় ঘুরে পতাকার অবস্থা খতিয়ে দেখছে নিয়মিত। তাতেও ২ কোটি ৬৫ লক্ষ টাকা খরচ হচ্ছে। ঠিক এখানেই আম জনতার প্রশ্ন, দেশভক্তির নামে এমন লাগামছাড়া খরচের কি সত্যিই খুব দরকার?