রাজস্থানে গ্রামীণ ভোটে পিছিয়ে রাজ্যের ১৭ মন্ত্রী
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: শহরে ফল হয়েছিল ঝলমলে। কিন্তু গ্রামীণ ভোটে ধরাশায়ী বিজেপি। রাজস্থানে পঞ্চায়েত ভোটের ফলাফলে ক্ষমতাসীন দলের কপালে চিন্তার ভাঁজ। কারণ, নিজেদের নির্বাচনি ক্ষেত্রে পায়ের তলায় মাটি সরে গিয়েছে বিজেপির একের পর এক তাবড় মন্ত্রীরও। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বিরোধী কংগ্রেস শিবিরে।

Advertisement

পঞ্চায়েত ভোটের ফল অনুযায়ী, নিজেদের বিধানসভা আসনে পিছিয়ে রয়েছেন রাজ্যের ১৭ জন মন্ত্রী। লোকসভা আসনের নিরিখে পিছিয়ে তিন কেন্দ্রীয় মন্ত্রীও। তালিকায় রয়েছে উপমুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বাইরওয়ার ডুডু বিধানসভা আসন, স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিনভসারের লোহাওয়াত, কৃষিমন্ত্রী কিরোড়িলাল মীনার সোয়াই মাধোপুর আসনও। বিজেপির এই ধাক্কায় স্বাভাবিকভাবেই লাভবান কংগ্রেস। সামগ্রিকভাবে ২৫টি জেলা পরিষদ কংগ্রেসের হাতে। বিজেপির দখলে ৯টি। ৭ হাজার ৫২০টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে হাত শিবির জয়ী হয়েছে ৩ হাজার ৭৫৮টিতে। বিজেপি জিতেছে ২ হাজার ২১৩টি। রাত পর্যন্ত হিসাব কংগ্রেস পেয়েছে ২৬৩ সমিতি। বিজেপি ৬৭টি। বিজেপির র্দুদিনে গ্রামীণ রাজস্থানে প্রভাব বাড়িয়েছে আরএলপি। গ্রামীণ ভোটের এই ফলের পর কংগ্রেসের দাবি, রাজ্যের বিজেপি সরকারকে প্রত্যাখ্যান করেছেন মানুষ। তাদের শেষের শুরু। আর বিজেপি বলছে, তারা মানুষের এই রায় মেনে নিচ্ছে। তবে একইসঙ্গে হাত শিবিরকে খোঁচা দিতেও ছাড়েননি বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর। তিনি বলেন, কংগ্রেস মিথ্যা ও ভুয়ো প্রচার চালিয়েছে।