কোচি: সুপ্রিম কোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেয়েছে বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই অপরাধী। সর্বোচ্চ আদালতের এই নির্দেশ মানতে পারছেন না বিলকিস। তাঁকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন অভিযোগও তুলেছেন তিনি। শনিবার কেরলের কোচিতে এই প্রসঙ্গে ফের সরব হলেন বিলকিস। তাঁর দাবি, ‘যারা আমার জীবন অন্ধকার করেছে, এমনই অপশক্তি এখন গোটা দেশকে অন্ধকারে ডোবানোর চেষ্টা করছে।’ তাঁর ও তাঁর পরিবারের উপর ঘটে যাওয়া অত্যাচারের পুনরাবৃত্তি দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিলকিস বলেন, ‘আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুকে আমি একটা দুঃস্বপ্ন হিসাবে দেখতে চাই। আমি প্রতিশোধ চাই না, চাই স্বাভাবিক ন্যায়বিচার।’
এদিন কোচির টাউন হলে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেরল রাজ্য সম্মেলনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস। সেখানেই তিনি বলেন, অপরাধীরা আজও তাঁদের খুঁজে বেড়াচ্ছে। গুজরাতে তাঁরা যে নিষ্ঠুরতা ও অত্যাচারের শিকার হয়েছিলেন, দেশের বিভিন্ন প্রান্তে এখন তারই পুনরাবৃত্তি ঘটছে। ন্যায়বিচারের আশায় তাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে বলেও জানান তিনি। তবে এই অন্ধকার সময়েও কেরলের দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি। কেরলে যে ভালবাসা ও যত্ন পেয়েছেন, তাতে তিনি আপ্লুত বলে জানান বিলকিস।
উল্লেখ্য, ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ এবং হত্যা মামলায় দুই দোষীর যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। তাঁদের শর্তসাপেক্ষে জামিনও মঞ্জুর করা হয়।



