বেঙ্গালুরু: সব মিলিয়ে ১ হাজার ৬৩৫ জন। কেউ মৃত, অনুপস্থিত, কেউ স্থানান্তরিত বা ডুপ্লিকেট। এএসডিডি (অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট) তালিকার আওতাধীন নাম ছিল বাদের খাতায়। কিন্তু, ‘রহস্যজনকভাবে’ তাঁদের নাম জায়গা করে নিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায়। এবং একই এপিক নম্বর সহ। যা নির্বাচন কমিশনের নিয়মের পরিপন্থী। এর মধ্যে অনেক নামই জায়গা পেয়েছে ভিন্ন ভিন্ন বিধানসভা কেন্দ্রে। শুধু তাই নয়, ২৯০টি ক্ষেত্রে বাদ যাওয়া ভোটারের এপিক নম্বর ইস্যু হয়েছে অন্য ভোটারের নামে। যদিও কমিশনের নিয়ম বলে, কোনো এপিক নম্বর একবার বাদ গেলে তা আর নতুন করে ইস্যু করা যায় না। বেঙ্গালুরুতে এসআইআর সংক্রান্ত এরকম ভূরি ভূরি অনিয়মের অভিযোগ সামনে এসেছে ‘দ্য হিন্দু’ প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে। ইনিউমারেশন ফর্ম পূরণ না করায় খসড়া তালিকায় বাদ পড়লে নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ পূরণ করতে হয়। এক্ষেত্রে নতুন ভোটার হিসাবে নয়া এপিক নম্বর পাওয়ার কথা সংশ্লিষ্ট ভোটারের। যদিও, ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে দাবি, এএসডিডি তালিকায় থাকা ১ হাজার ৬৩৫ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় জায়গা পেয়েছে একই এপিক নম্বর সহ। ২৮টি বিধানসভা ক্ষেত্রে এমন অনিয়ম হয়েছে।



