গুজরাত, ২২ নভেম্বর: গুজরাতের কচ্ছ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র তিন মাস। গতকল রাত সাড়ে ৯টা নাগাদ ভুজ-খাভদা হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে ট্রেলার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ড থেকে কচ্ছ বেড়াতে এসেছিলেন ওই পরিবারের সদস্যরা। গাড়িটি ভুজের দিকে যাওয়ার সময় উলটো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে কার্যত দুই টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা দুই পুরুষ, দুই মহিলা ও তিন শিশু। মৃতদের মধ্যে রয়েছেন সৌরভ সিং জাসপাল সিং নেগি (৩২), তাঁর স্ত্রী সবিতা এবং তাঁদের তিন মাসের কন্যা শিবিকা। এছাড়াও রয়েছেন রিঙ্কি নীতিন গুনসাই ও তাঁর মেয়ে বামিকা এবং রাজেশ সিং রাওয়াত এবং তাঁর সাত বছরের মেয়ে রক্ষিতা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। এরপর সাতজনের দেহ উদ্ধার করে ভুজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানে ময়নাতদন্ত হবে তাঁদের।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহতরা একটি সেনা পরিবারের সদস্য ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ভারতীয় সেনার আধিকারিকরাও হাসপাতালে পৌঁছন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারী দল।



