উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই  নীতীশ সেতুতে বিক্ষোভ, তোলপাড় আরজেডি কর্মীদের! তুঙ্গে রাজনৈতিক সংঘাত
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৪:২৩
Prefer us on Google

পাটনা, ২২ নভেম্বর: প্রধানমন্ত্রীর উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই নীতীশ সেতুর উপরেই রাজনৈতিক সংঘাতের ছবি। বিহারের বৈশালীতে সদ্য উদ্বোধন হওয়া ছয় লেনের নীতীশ সেতুতে আরজেডি কর্মীদের বিক্ষোভ, পোস্টার-ব্যানার ছেঁড়া এবং স্লোগান ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক পরিস্থিতি। লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদবের সমর্থনে স্লোগান দিতে দিতে সেতুর উপর তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে আরজেডি কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনার একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

Advertisement

অভিযোগ, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেতুতে জড়ো হন আরজেডি কর্মী-সমর্থকরা। হাতে দলের পতাকা নিয়ে তাঁরা এনডিএ সরকারের প্রচারমূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলতে শুরু করেন। পাশাপাশি লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবের সমর্থনে স্লোগান ওঠে। বাইকে চেপে বিপুল সংখ্যক সমর্থক সেতুতে মিছিল করেন। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশকর্মী। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও আরজেডির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি মুখপাত্র নীরজ কুমার শর্মার অভিযোগ, উন্নয়নের কাজে সহযোগিতা না করে রাজনৈতিক নাটক করতেই ব্যস্ত বিরোধীরা। তাঁর কথায়, সরকার যখন বিহারের উন্নয়নে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করছে, তখন আরজেডি পোস্টার ছেঁড়া এবং বিশৃঙ্খলা তৈরির রাজনীতিতে মেতেছে। অন্যদিকে, আরজেডির তরফে বিক্ষোভের পক্ষে সওয়াল করেছেন সাংসদ সুধাকর সিং। তাঁর দাবি, সেতুটি আগেই উদ্বোধন করা হয়েছিল। তা সত্ত্বেও নতুন করে উদ্বোধনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, যার উদ্দেশ্য শুধুমাত্র নাম পরিবর্তনকে সামনে আনা। তাঁর বক্তব্য, কর্মীরা যা করেছেন, তা প্রতিবাদের অংশ। সেতুতে যে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছিল, সেগুলিও বেআইনি ও প্রতারণামূলকভাবে লাগানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। 

শুধু উদ্বোধন নয়, সেতুর নামকরণ নিয়েও বিহারের রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তেজস্বী যাদবের আপত্তি, নীতীশ কুমারের নামে সেতুর নামকরণ না করে দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিংয়ের নামে নামকরণ করা উচিত ছিল। তাঁর দাবি, বিহার বিধানসভায় এ বিষয়ে তিনি আগেই একটি বেসরকারি প্রস্তাব এনেছিলেন। কিন্তু রাজনৈতিক স্বার্থে সরকার নিজেদের অবস্থান বদলে ফেলেছে। এখানেই শেষ নয়। সেতু নির্মাণে কেন্দ্রীয় সরকারের আর্থিক অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন তেজস্বী। তাঁর দাবি, সেতুটি নির্মাণে বিজেপি, এনডিএ সরকার কিংবা কেন্দ্রীয় সরকার এক টাকাও দিয়েছে কি না, তা প্রকাশ্যে জানানো হোক। পাশাপাশি তাঁর অভিযোগ, প্রায় ১৮ মাস আগেই নীতীশ কুমার সেতুটির উদ্বোধন করেছিলেন।

নীতীশ সেতুর নামকরণ নিয়ে বিতর্কের আঁচ পৌঁছে গিয়েছে পঞ্জাবেও। বিহার সরকারের বিরুদ্ধে আগের প্রস্তাব থেকে সরে আসার অভিযোগ তুলেছেন আপ নেতারা। পঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমার বক্তব্য, নীতীশ কুমারকে সম্মান জানাতে সরকারের হাতে আরও অনেক উপায় রয়েছে। কিন্তু গুরু গোবিন্দ সিংকে সম্মান জানানোর প্রস্তাব থেকে পিছিয়ে আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক।