দু'দিনের সফরে ভারতে এলেন নেপালের প্রধানমন্ত্রী
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৯:১৬
Prefer us on Google

নয়াদিল্লি, ২২ নভেম্বর: আজ, রবিবার দুদিনের ভারত সফরে দিল্লিতে এলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। গত মার্চ মাসে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। এর আগে অবশ্য তিনি আমেরিকায় গিয়েছিলেন। যদিও সেটি কিন্তু তাঁর সরকারি দ্বিপাক্ষিক সফর মোটেই ছিল না। এবারের ভারত সফরে তাঁর সঙ্গে সেদেশের ৩৪ জন সদস্যও এসেছেন। সেই দলে রয়েছেন তাঁর প্রধান উপদেষ্টা কুমার ব্যঞ্জনকর, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং বিদেশমন্ত্রী শিশির খানাল।

Advertisement

এর পাশাপাশি নেপালের শিল্পপতিদের একটি দলও এসেছে এই সফরে। সূত্রের খবর, এই সফরে ভারতের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, পরিকাঠামো উন্নয়ন, রেল, সড়ক, বিমান পরিষেবা, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা, সীমান্ত এবং অর্থনৈতিক একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। সমস্ত বিষয়গুলি সরাসরি আলোচনা হতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই। পাশাপাশি কথা হবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। এছাড়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বালেন্দ্র। দুই দেশের মধ্যে নতুন কয়েকটি প্রকল্পের বিষয়েও কথাবার্তা হতে পারে বলে শোনা যাচ্ছে। নেপালের বিদেশমন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে, এই সফরে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলা এবং উন্নয়ন বিষয়ক বেশ কয়েকটি মউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।