৪ দিন ধরে নর্দমায় আটকে এক ব্যক্তি, উদ্ধার করা হল জীবিত অবস্থায়
  • ২২ নভেম্বর, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

গুয়াহাটি, ২২ নভেম্বর: ব্যস্ত রাস্তা, লোকেদের আনাগোনা চলছে। কিন্তু তারমধ্যেই চারদিন ধরে নর্দমায় আটকে এক ব্যক্তি। শেষপর্যন্ত ক্ষীণ আর্তনাদ পৌঁছয় পথচারীদের কানে। সেই আওয়াজের সূত্র ধরেই নর্দমার ভিতর থেকে ওই আটকে থাকা ব্যাক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটি রেলস্টেশন এলাকায়। 

Advertisement

জানা গিয়েছে, গুয়াহাটি রেল স্টেশনের কাছে রাস্তার পাশের একটি নর্দমায় আটকে গিয়েছিলেন ওই ব্যক্তি। পথ দিয়ে যাতায়াত করার সময় কয়েকজন মানুষ ওই নর্দমার ভিতর থেকে আওয়াজ শুনতে পান। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরবর্তীতে ক্ষীণ আর্তনাদ শুনে সন্দেহ হয় লোকজনের। তখন নর্দমার মধ্যে  উঁকি দিলে তাঁরা ওই ব্যক্তিকে দেখতে পান। তড়িঘড়ি তাঁকে নর্দমা থেকে বের করে আনা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তিনি নর্দমার ভিতরে ঢুকলেন, কী কারণে সেখানে আটকে পড়েছিলেন, সেটাও স্পষ্ট নয়। তাঁর পরিচয় জানার পাশাপাশি গোটা ঘটনার কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।