২৫ অক্টোবর, ওয়াশিংটন: ভারতের সঙ্গে যুদ্ধ করে আসলে পাকিস্তানের কোনও লাভ নেই, এবার ইসলামাবাদকে এমনই বার্তা দিলেন প্রাক্তন মার্কিন গোয়েন্দা আধিকারিক জন কিরিয়াকু। পাকিস্তানে জঙ্গি বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন এই আধিকারিক। সিআইএ-তেও দীর্ঘ ১৫ বছর দায়িত্ব সামলেছেন এই কিরিয়াকু।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই মার্কিন আধিকারিক দাবি করেছেন, পাকিস্তানের উচিত ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা। পাকিস্তান যতই পরিকল্পনা করুক না কেন, যে কোনও ধরনের গতানুগতিক যুদ্ধে পাকিস্তান ভারতের কাছে খুব খারাপ ভাবে হারবে। তাঁর মতে, ইসলামাবাদের উচিত কৌশলগতভাবে সিদ্ধান্ত নেওয়া। ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধ হলে তার ফলে পাকিস্তানের জন্য ভালো কিছুই হবে না। একইসঙ্গে কিরিয়াকু যোগ করেছেন, “আমি পারমাণবিক অস্ত্রের কথা বলছি না, কেবল গতানুগতিক যুদ্ধের কথা বলছি। ভারতকে বারবার উস্কে দেওয়ার কোনও মানে হয় না।”
উল্লেখ্য বিষয় হল, গত এক দশক ধরে পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে ভারত। ‘ইটের বদল যে পাটকেল’ তা হাড়ে হাড়ে ইসলামাবাদকে টের পাওয়াচ্ছে নয়াদিল্লি। ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯-এ বালাকোট স্ট্রাইক ও সর্বশেষ সিন্দুর অভিযানে পাকিস্তানকে উচিত জবাব দিয়েছে ভারত। তবে তাতেও সিধে হয়নি পাকিস্তান। ভারতের বিরুদ্ধে এখনও চোরাগোপ্তা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এমন প্রেক্ষিতে পাকিস্তানকে সতর্ক করে বার্তা দিলেন প্রাক্তন মার্কিন গোয়েন্দা আধিকারিক। কিন্তু ওই যে কথায় রয়েছে, ‘চোরা না শোনে ধর্মের কাহিনী’। আদৌ কী জন কিরিয়াকুর বার্তায় কর্ণপাত করবে পাকিস্তান, নাকি ফের একবার রণংদেহী মূর্তি ধরতে হবে ভারতীয় সেনাকেই!