নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার পৌষ সংক্রান্তির ছুটি নেই প্রাথমিক স্কুলগুলিতে। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ছুটির তালিকা প্রকাশ করেছে, তাতে এই ছুটি অন্তর্ভুক্ত নেই। তা সত্ত্বেও নিজেদের ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের অন্তত ছ’টি জেলা এই ছুটি দিচ্ছে। সেই তালিকায় কলকাতা, হাওড়া ছাড়াও রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। বাকি কিছু জেলাও সেই পথে হাঁটছে বলে জানা গিয়েছে। তবে, চূড়ান্ত তথ্য মেলেনি।
এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘আমাদের সরকারি নির্দেশিকা মেনেই ছুটি দিতে হয়েছে। সরকারি ক্যালেন্ডারে পৌষ সংক্রান্তির ছুটি দেওয়া নেই। সব মিলিয়ে ৬৫টির বেশি ছুটি দেওয়া যায় না। পুজোর লম্বা ছুটি থাকায় অন্য ছুটি কাটছাঁট করতে হয়েছে। তবে, ডিপিএসসিগুলি নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে ছুটি দিতে পারে। আমাকে ওই সমস্ত জেলার নির্দেশিকাগুলি দেখতে হবে।’ কলকাতা ডিপিএসসি’র এক শীর্ষকর্তা বলেন, শিক্ষকদের তরফে আবেদন ছিল। তাই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটি ছুটির ক্ষেত্রে ডিপিএসসি’র বিশেষ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনও বাধা নেই। দক্ষিণ ২৪ পরগনা জেলা বার্ষিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার পরদিন ছুটি দিয়েছিল। তাই সংক্রান্তির ছুটি দিতে পারছে না।