নিউ ইয়র্ক: ক্ষমতায় এসেই এইচ-১বি ভিসা নীতি কঠোর করার বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপও নেন। কর্মসংস্থান তৈরিতে বিদেশিদের ছেঁটে আত্মনির্ভরতার কথাও তিনি জোর গলায় বলেছিলেন। কিন্তু, এবার বাস্তব পরিস্থিতি বুঝে আচমকাই পালটি খেলেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট মেনে নিয়েছেন, আমেরিকায় প্রতিভার অভাব রয়েছে। এখনও অনেক কিছু শিখতে হবে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাধরদের নিয়ে আসা দরকার।
এদিন এইচ-১ বি ভিসা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেন, ‘সকলকে বেকারত্ব থেকে তুলে আনা সম্ভব নয়। কোনও সংস্থা আমাদের দেশে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করল। কিন্তু, যারা পাঁচ বছর কাছ করেনি, তাদের নিয়োগ করে রাতারাতি ক্ষেপণাস্ত্র তৈরি শুরু হবে, এটা কোনওভাবেই সম্ভব নয়।’ দ্বিতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই এইচ-১বি ভিসা নিয়ে সরব ট্রাম্প। এই ভিসা নিয়ে বিদেশি কর্মীরা মার্কিন মুলুকে প্রযুক্তি সহ বিভিন্ন সংস্থার কাজ করেন। কিন্তু, এঁদের নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি তুলছেন প্রেসিডেন্ট। ধমকের সুরে আমেরিকার বিভিন্ন সংস্থাকে জানিয়েছিলেন, বিদেশি কর্মীদের সরিয়ে আমেরিকানদের কর্মসংস্থানের সুযোগ করে দিন। তাতে তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন কোম্পানির কর্তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। দেশে যোগ্য কর্মীর অভাবের কথাও তুলে ধরেছিলেন তাঁরা। এবার ট্রাম্পের মুখেও সেই একই সুর। তাই এবার তিনিও দেশে ট্যালেন্টের অভাব মেটাতে বিদেশি কর্মীদের উপরও আস্থা রাখছেন।