নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাঁকরাইলের রঘুদেববাটিতে একই এলাকায় থাকা পরপর তিনটি স্কুলের আলমারি ভেঙে নগদ টাকা ও বেশ কিছু নথিপত্র চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। দোল পূর্ণিমা উপলক্ষ্যে তিনদিন স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে রবিবার গভীর রাতে এই চুরির ঘটনা বলে জানিয়েছে পুলিস। স্কুল ও এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে।
দোল পূর্ণিমা উপলক্ষ্যে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত স্কুল বন্ধ ছিল। সোমবার স্কুল খুলতেই মাথায় হাত পড়ে সাঁকরাইলের মুফতিপাড়া মিস্ত্রিপাড়া প্রাথমিক বিদ্যালয়, রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় ও রঘুদেববাটি সাধারণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের। দেখা যায়, তিনটি স্কুলেই অফিসের আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। উধাও নগদ টাকা ও বেশ কিছু দরকারি কাগজপত্র। তিনটি স্কুল মিলিয়ে মোট ৬৪ হাজার টাকা চুরি হয়েছে। প্রতিটি স্কুল ও এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের কীর্তিকলাপ। পুলিস জানিয়েছে, রবিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত তিনটি স্কুলেরই পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চালিয়েছে কয়েকজন দুষ্কৃতী। তাদের চিহ্নিত করে খোঁজ শুরু হয়েছে। শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিসের এক কর্তা। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিস দ্রুত অপরাধীদের শনাক্ত করুক। চুরি যাওয়া স্কুলের টাকা উদ্ধার হবে বলে আশাবাদী।’