নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফাঁকা স্টেশনে শ্লীলতাহানির শিকার হলেন তরুণী। মঙ্গলবার ভরসন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিউ গড়িয়া রেল স্টেশনে। তরুণী সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য ফাঁকা স্টেশনের ছবি তুলছিলেন। এই সময় এক যুবক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অভিযুক্ত রুবেল মল্লিককে গ্রেপ্তার করেছে যাদবপুর জিআরপি।
রেল পুলিশ সূত্রে খবর, একটি আই টেস্টিং ল্যাবের কর্ণধার ওই তরুণী সোনারপুরে থাকেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ সোনারপুর যাবেন বলে নিউ গড়িয়া রেল স্টেশনে আসেন। তখন স্টেশন ফাঁকা ছিল। ট্রেন আসার সময় হয়নি। তরুণী মোবাইলে ভিডিয়ো তুলছিলেন। অভিযোগ, এই সময় স্টেশনে আসে এক যুবক। সে মদ্যপ অবস্থায় ছিল। তরুণীকে বলতে থাকে, কেন তার ছবি তুলছে? তরুণী জানান, তার ছবি তোলেননি। এই নিয়ে তাঁর সঙ্গে তর্ক জুড়ে দেয় অভিযুক্ত। তরুণীর দাবি, ফাঁকা স্টেশনে একা পেয়ে তাঁর শ্লীলতাহানি করে যুবক। তরুণী একশো ডায়ালে ফোন করে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে ওই স্টেশনে আসে যাদবপুর জিআরপির অফিসাররা। দু’জনকে থানায় নিয়ে যাওয়া হয়। তরুণী শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেন। গ্রেপ্তার করা হয় রুবেলকে। জানা গিয়েছে, সে জনমজুরের কাজ করে। বাড়ি কালিকাপুর।



