পুর অফিসে ‘কিউআর কোডে’ ট্যাক্স মেটানোর সুযোগ চাইছেন করদাতারা
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের অফিসে নিয়মিত ট্যাক্স জমা করতে আসেন বহু করদাতা। সেখানে খুচরো নিয়ে সমস্যা লেগেই থাকে। আবার নির্দিষ্ট একটি অঙ্কের বেশি টাকা কর হলে ব্যাংক ড্রাফট নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে ব্যাংকে দৌড়ঝাঁপ করতে হয় করদাতাকে। এখানেই করদাতাদের প্রশ্ন, ডিজিটাল যুগে যখন অনলাইন ট্যাক্স কালেকশন চালু করেছে কলকাতা পুরসভা, তখন কালেকশন অফিসে কিউআর কোড বা বারকোডে পেমেন্ট অপশন কেন রাখা হচ্ছে না? বিশেষ করে যখন ওয়েভার স্কিম চলছে, তখন অনেককে মোটা টাকা পুরসভার অফিসে এনে জমা করতে হচ্ছে বা ব্যাংক ড্রাফট করাতে হচ্ছে। এসব করতে গিয়ে করদাতাদের হয়রানি যত বাড়ছে, ততই জোরালো হচ্ছে কিউআর কোডের মাধ্যমে সম্পত্তি কর জমা দেওয়ার দাবি। 

Advertisement

কলকাতা পুরসভার সম্পত্তি কর অনলাইনে জমা করার সুযোগ মিলেছে কয়েক বছর আগেই। পুরসভার তথ্য ও প্রযুক্তি বিভাগের তথ্য বলছে, বর্তমানে প্রায় ৬৫ শতাংশ ট্যাক্স অনলাইনেই জমা পড়ে। বাকিটা অফলাইনে অর্থাৎ পুরসভার বিভিন্ন ট্যাক্স কালেকশন অফিসে গিয়ে হাতে হাতে জমা করা হয়। নিয়ম অনুযায়ী, করের অঙ্ক ২৫ হাজার বা তার কম হলে নগদে জমা করা যায়। সেক্ষেত্রে আবার ৫০০ টাকার নোট হলে নোটের সিরিয়াল নম্বর লিখে দিতে হয় করদাতাকে। ২৫ হাজার টাকার বেশি কর হলে ব্যাংক ড্রাফট জমা করাতে হয়। অর্থাৎ গোটা প্রক্রিয়ায় যথেষ্ট ঝক্কি রয়েছে। সন্তোষপুরের বাসিন্দা মনোজ দাসের কথায়, ‘এখন খুচরো সমস্যা প্রবল। কয়েনের সমস্যা ছেড়েই দিলাম। দশ-কুড়ি টাকার নোটও ঠিকমতো পাওয়া যায় না। ১৭ হাজারের কিছু বেশি টাকা পেমেন্ট করতে গিয়ে ১০০ টাকার নোট দেওয়ায় বিল কাউন্টার থেকে খুচরো দেওয়া যাবে না বলে জানিয়ে দিল। শেষ পর্যন্ত অন্য একজনকে অনলাইনে ৫০ টাকা পাঠিয়ে তার থেকে ওই টাকা নিয়ে ট্যাক্স মিটিয়েছি। এখানে কিউআর কোড বা বারকোড পেমেন্ট সিস্টেম থাকলে এসব ঝামেলায় পড়তে হত না। এটা পুরসভার ভাবা উচিত।’ 
পুরসভার সম্পত্তি কর এবং রাজস্ব আদায় বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, এটা নিয়ে আসলে সেভাবে কেউ কোনোদিন ভাবেনি। এই ব্যবস্থা করা যেতেই পারে। যেভাবে কর মেটানোর আগে বিলে রাখা বারকোড কাউন্টারে থাকা পুরকর্মীরা স্ক্যান করে তারপর নগদে টাকা বা ড্রাফট জমা নেন, সেখানে পুরকর্মী বারকোড স্ক্যান করার পর ওই নির্দিষ্ট অ্যাসেসি নম্বরের সাপেক্ষে করের টাকার অঙ্ক সামনে রাখা বক্সে কিউআর কোড সমেত ফুটে উঠবে। করদাতা সেটি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ ভাবনাচিন্তা করতেই পারে।