জামতাড়া গ্যাংয়ের কোটি টাকা প্রতারণার পর্দাফাঁস করল আমডাঙা পুলিশ, জালে ৫
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রথমে নাবালকদের গেম খেলার টোপ। তারপর তাঁদের ও বাড়ির সদস্যদের ব্যক্তিগত নথি সংগ্রহ। সেই নথি ব্যবহার করে খোলা হত ব্যাংক অ্যাকাউন্ট। তবে সেই অ্যাকাউন্টের কিট ও এটিএম কার্ড পৌঁছে যেত ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের হাতে। তা দিয়েই চলত অপরাধের চক্র। এমন আন্তঃরাজ্য প্রতারণা চক্রের পর্দাফাঁস করল আমডাঙা থানার পুলিশ। ঘটনায় জামতারা গ্যাংয়ের দুই সদস্য সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ঝাড়খণ্ডের সোনু আনসারি ও শাহবাজ আনসারি, আমডাঙার সাধনপুরের দিব্যজ্যোতি সরকার, গড়িয়ার সুজয় চট্টোপাধ্যায় এবং হাওড়ার ডোমজুড়ের শেখ সরফরাজ ইসলাম।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক’দিন আগে আমডাঙা থানায় একটি অভিযোগ জমা পড়ে। নবম শ্রেণির এক ছাত্রকে গেম খেলার প্রলোভন দেখিয়েছিলেন দিব্যজ্যোতি। তারপর একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রের মাধ্যমে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু সেজন্য পাওয়া কিটগুলি পরে আর ফেরত দেননি তিনি। ফলে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আমডাঙা সাইবার ক্রাইম থানার পুলিশ। দিব্যজ্যোতিকে গ্রেপ্তার করে জেরা করতেই সামনে আসে বড়সড় প্রতারণা চক্রের হদিশ। পুলিশি জেরায় দিব্যজ্যোতি জানান, ব্যাংকের কিট ঝাড়খণ্ডের কয়েকজনের কাছে মোটা টাকায় বিক্রি করে দিয়েছিলেন তিনি।
তদন্তকারীরা জানতে পারেন, শুধু এই নাবালক নয়, একই কৌশলে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আরও বহু মানুষের নথি সংগ্রহ করা হয়েছিল। সেই নথি দিয়ে খোলা হয়েছিল অন্তত ৫৩টি মিউল ব্যাংক অ্যাকাউন্ট। তদন্তে উঠে আসে ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের যোগ। পুলিশ জানতে পারে ভুয়ো অ্যাকাউন্টগুলির কিট ও এটিএম কার্ড জামতারা গ্যাংয়ের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হত। আমডাঙা থানার আইসি শেখ আনিসুর রহমানের নেতৃত্বে আসিফ মণ্ডল ও মুজিবর রহমান মণ্ডল ঘটনার তদন্তে নামেন। অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের গিরিডি থেকে জামতাড়া গ্যাংয়ের সদস্য সোনু ও শাহবাজকে গ্রেপ্তার করা হয়। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে নগদ ৭১ হাজার ৫০০ টাকা, তিনটি স্মার্টফোন, দু’টি ডেস্কটপ, তিনটি প্রিন্টার এবং একটি ফিঙ্গার স্ক্যানার। মিলেছে সাতটি প্যান কার্ড, ৫৪টি ভোটার কার্ড, ২৭টি আধার কার্ড, চারটি সিম কার্ড, পাঁচটি ড্রাইভিং লাইসেন্স, পাঁচটি আয়ুষ্মান কার্ড এবং ৬৫টি খাদ্যসাথী কার্ড। উদ্ধার হয়েছে একাধিক স্ট্যাম্পও। তার মধ্যে সরকারি ইঞ্জিনিয়ারের জাল স্ট্যাম্পও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারীদের বক্তব্য, এখনও পর্যন্ত ৫৩টি মিউল অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এর মাধ্যমে কয়েক কোটি টাকার সাইবার প্রতারণা হয়েছে। ধৃত বুধবার বারাসত আদালতে তোলা হলে তাঁদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।  নিজস্ব চিত্র