নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যক্তিগত জমি দখল করে তৈরি করা হয়েছিল তৃণমূলের কার্যালয়। দীর্ঘদিন ধরে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় পরিবার। মঙ্গলবার রাতে আদালতের নির্দেশে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সেই নির্মাণ। ঘটনাটি বারাসত পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে।
এই ওয়ার্ডের কেএনসি রোড সংলগ্ন এলাকায় ত্রয়ী মুখোপাধ্যায়ের পারিবারিক জমি রয়েছে। তাঁর স্বামী সেনাবাহিনীতে কর্মরত। সন্তানদের নিয়ে বাড়িতেই থাকেন ত্রয়ী। অভিযোগ, ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তাঁদের পারিবারিক জমির একাংশ দখল করা হয়। সেখানে তৈরি করা হয় পার্টি অফিস। ত্রয়ী বারাসত থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি ভূমি রাজস্ব দপ্তরেও লিখিত অভিযোগ জমা দেন। কিন্তু তাঁর অভিযোগ, প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ করা হয়নি। জমির উপরেই গড়ে ওঠে পাকাপাকি নির্মাণ। নাম দেওয়া হয় ‘২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়’।
রাজ্যে সরকার পরিবর্তনের পর ফের উদ্যোগী হয় মুখোপাধ্যায় পরিবার। জমি জবরদখলমুক্ত করার দাবিতে বারাসত আদালতের দ্বারস্থ হন ত্রয়ী। শুরু হয় আইনি লড়াই। অভিযোগ, আদালতে মামলা গড়ানোর পর পরিস্থিতি বুঝে কার্যালয়ের নাম বদলে যায়। রাতারাতি তৃণমূল কার্যালয়ের পরিবর্তে নাম হয় ‘কেএনসি রেজিমেন্ট শ্যামাপুজো কমিটির কার্যালয়’। আদালত জমি খালি করার নির্দেশ দেয়। মঙ্গলবার রাতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় কংক্রিটের নির্মাণ। সেখানে দেখা যায় স্তূপাকৃতি সাদা থানা ও সরকারি ত্রাণের সামগ্রী। ত্রয়ীদেবীর আইনজীবী সোমনাথ গঙ্গোপাধ্যায় বলেন, এখানে পার্টি অফিস তৈরি করা হয়েছিল। পরে আইনি জটিলতা বুঝতে পেরে সেটিকে শ্যামাপুজো কমিটির কার্যালয় বলে পরিচয় দেওয়ার চেষ্টা হয়। আদালতের নির্দেশ মেনেই বেআইনি নির্মাণটি ভেঙে ফেলা হয়েছে। বিজেপি নেতা রাজা সাহানি বলেন, আমাদের সরকার ন্যায়ের, অন্যায়ের নয়। নিয়ম মেনে আসল মালিক এদিন তাঁর জমি ফিরে পেলেন। তৃণমূল এতদিন জবরদখল করে রেখেছিল। নিজস্ব চিত্র



