ঘুর্নিঝড় আকভান: দুর্যোগের আশঙ্কায় সূচি বদল একাধিক ট্রেনের, জানুন বাতিল কটি?
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১৭:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘুর্নিঝড় আকভানে বিপর্যস্ত ওড়িশার জনজীবন। আজ, বৃহস্পতিবার  সকাল থেকেই সেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিসের খবর অনুযায়ী, ইতিমধ্যেই পুরীতেও ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র তীরবর্তী অঞ্চলে লাগাতার মাইকিং করছেন পুলিশ কর্মীরা। কোনো পর্যটককে জলে নামতে দেওয়া হচ্ছে না। সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও। কলকাতা এবং হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। নাগাড়ে হচ্ছে বৃষ্টিও। ঝড়-বৃষ্টির জেরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের অনুষ্ঠাও পিছিয়ে দেওয়া হয়েছে। ২০ নভেম্বর দুপুর নাগাদ ওড়িশার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে আকভানের। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিমি হতে পারে। এরমধ্যেই অন্ধপ্রদেশের এবং ওড়িশাগামী একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তনের কথা জানাল রেল কর্তৃপক্ষ। পাশাপাশি কয়েকটি ট্রেন বাতিলও করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রবল বৃষ্টি, জল জমা এবং রেললাইনে ক্ষতি এবং ট্রেন আটকে পড়ার আশঙ্কা থেকেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তাহলে আসুন তাহলে জেনেনি কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। কোনগুলির আবার সময়সূচি পরিবর্তন করা হয়েছে- 

Advertisement

১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস আজ বিকেল ৩টে ৫৫ মিনিটের বদলে ছাড়বে বিকেল ৫টা ৫৫ মিনিটে। ১২২৪৬ এসএমভিবি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সকাল ১১টা ১৫ মিনিটের বদলে ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস বিকেল ৫টা ৩৫ মিনিটে ছাড়ার বদলে ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে। ১২৮৬৩ হাওড়া-এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে। রাত ১০টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল ওই ট্রেনটির। ১২৮৩৯ হাওড়া-এমএএস মেল রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়ার বদলে ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ০৮০৪৫ শালিমার-চরলাপল্লী স্পেশাল ট্রেনও দেরিতে ছাড়বে। কিন্তু তা কতক্ষণ দেরিতে ছাড়বে তা এখনও স্পষ্ট করে রেলের তরফে জানানো হয়নি। এর পাশাপাশি বাতিল করা হয়েছে ১৮৫১৫ নম্বর বিশাখাপত্তনম-কোরাপুট এক্সপ্রেস এবং ১৮৫১৬ নম্বর কোরাপুট-বিশাখাপত্তনম এক্সপ্রেস। যাত্রার আগে ভারতীয় রেলের ওয়েবসাইট বা অ্যাপে ট্রেনের নম্বর দিয়ে অবস্থান ও কখন স্টেশন থেকে ছাড়বে তা অবশ্যই দেখে নিতে হবে যাত্রীদের। প্রয়োজনে রেলের ১৩৯ হেল্পলাইনেও যোগাযোগ করা যাবে। যে সকল যাত্রীরা ইতিমধ্যেই স্টেশনে পৌঁছে গিয়েছেন তাঁরা ঘোষণা এবং বৈদ্যুতিন বোর্ডের দিকে অবশ্যই নজর রাখবেন।