শ্রীনগর, ১৯ নভেম্বর: শীতের আমেজ নয়, এবার কার্যত কনকনে ঠান্ডার দাপট শুরু কাশ্মীর উপত্যকায়। রাতের তাপমাত্রা এবার এক ধাক্কায় নামতে শুরু করেছে। পর্যটনকেন্দ্র গুলমার্গ ও পহেলগাঁওয়ে ইতিমধ্যেই পারদ হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। শুধু তাই নয়, মরশুমের শীতলতম রাতের সাক্ষী থাকল শ্রীনগরও। বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে।
পর্যটকদের অন্যতম আকর্ষণ পহেলগাঁওয়ে রাতের তাপমাত্রা ছিল মাইনাস ২.৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, উত্তর কাশ্মীরের গুলমার্গে পারদ নেমেছে মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে। ফলে উপত্যকার বিভিন্ন প্রান্তে রাতের ঠান্ডা ক্রমশ জোরালো হচ্ছে। এদিকে, কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরেও মরশুমের এখনও পর্যন্ত শীতলতম রাত রেকর্ড করা হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। দক্ষিণ কাশ্মীরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাজিগুন্ডে তাপমাত্রা নেমেছে মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর কাশ্মীরের কুপওয়ারায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসের শেষ পর্যন্ত কাশ্মীর উপত্যকায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ফলে আগামী দিনে উপত্যকায় শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।



