জঙ্গলে ভাল্লুকের হামলা, আহত ১
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৩
Prefer us on Google

মুম্বই, ১৯ নভেম্বর: প্রতিদিনের মতোই জঙ্গলে টহল দিচ্ছিলেন বনকর্মী। কিন্তু সেই টহলদারিই মহুর্তের মধ্যে প্রাণ বাঁচানোর লড়াইয়ে পরিণত হবে সেটা কে জানত। জঙ্গলে টহল দেওয়ার সময় একটি ভাল্লুকের হামলার শিকার হন এক বনকর্মী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্দিয়া জেলার একটি জঙ্গলে। 

Advertisement

জানা গিয়েছে, আহত বনকর্মীর নাম দেওরাম শেন্দ্রে। এদিন তিনি প্রতিদিনের মতোই জঙ্গলে টহল দিচ্ছিলেন। তখন হঠাৎ তাঁর সামনে তিনটি ভাল্লুক চলে আসে। এতগুলি ভাল্লুককে দেখে পরিস্থিতি বুঝে ওঠার আগেই একটি তাঁর দিকে তেড়ে আসে। তখন পালানোর চেষ্টা করতে গেলে ভাল্লুকটি আক্রমণ করে দেওরামকে। এই হামলায় আহত হন ওই বনকর্মী। এরপর ভাল্লুকটি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। আহত অবস্থায় কোনোওরকমে বেসক্যাম্পে ফিরে আসে। ওই রকম আহত অবস্থায় দেওরামকে দেখে চমকে যান সহকর্মীরা। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় ওই বনকর্মীকে। এই ঘটনায় জঙ্গল নজরদারীর ক্ষেত্রে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে বনকর্মীদের মধ্যে।