নয়াদিল্লি: অসাধ্যসাধন করল ‘ভয়েজার ১’। পথিবী থেকে এক আলোক-দিন দূরত্বে পৌঁছে গেল নাসার এই মহাকাশযান। ২৪ ঘণ্টায় আলো যেই দূরত্ব অতিক্রম করে, সেটিকে আলোক-দিন হিসাবে ধরা হয়। মানুষের তৈরি কোনো মহাকাশযান আজ পর্যন্ত এই দূরত্বে পৌঁছতে পারেনি। নাসা জানিয়েছে, বুধবার ভারতীয় সময় দুপুর ৩টে ৪৬ নাগাদ এই নজির গড়ে ‘ভয়েজার ১’। বর্তমানে পৃথিবী থেকে মহাকাশযানটির দূরত্ব প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার। পৃথিবী থেকে এতো দূরে যেতে সময় লেগেছে প্রায় পাঁচ দশক! বর্তমানে প্রতি ঘণ্টায় ৬১ হাজার কিমি গতিতে এগচ্ছে ‘ভয়েজার ১’। এখন মহাকাশযানটিতে রেডিয়ো সিগন্যাল পাঠাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে। উত্তর আসতেও খরচ হবে একই সময়। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল ‘ভয়েজার ১’। দেখতে দেখতে বিভিন্ন গ্রহ, নক্ষত্র অতিক্রম করেছে এই মহাকাশযান। প্রায় তিন দশক আগেই ভয়েজারের কাছে পৃথিবী হয়ে উঠেছিল একটি ছোটো নীল বিন্দু। এখন আর নাগালটুকুও পাওয়া যায় না। আদ্যিকালের কম্পিউটার সিস্টেমের সাহায্যে দিব্যি সক্রিয় রয়েছে নাসার এই মহাকাশযান। মাঝে কয়েকবার সমস্যা হয়েছিল ঠিকই। ‘অসুখ’ ঠিক হতেই আবার সংকেত পাঠাতে শুরু করে সে। ভয়েজারের ভিতরে রয়েছে মানবসভ্যতার হরেক জিনিস। পৃথিবীর জীব বৈচিত্রের নমুনাও। হয়তো কোনোদিন এই সংকেত পড়ে নীল গ্রহটির কাহিনি জানতে পারবে অন্য জগতের বাসিন্দারা। ‘ভয়েজার ১’ অবশ্য এসব নিয়ে চিন্তিত নয়। সে শুধুই অনন্তের পথে যাত্রা করে চলেছে।



