ভিড়ে মহিলা পুলিশরাই মহিলাদের সামলাবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই , সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন মহিলা সাংবাদিকদের হেনস্তার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের আধিকারিকের বিরুদ্ধে। এনিয়ে চর্চার অন্ত নেই। পুরুষ পুলিশ আধিকারিকরা কীভাবে মহিলা বিক্ষোভকারী ও সাংবাদিকদের সামলাতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সংক্রান্ত এক মামলার শুনানিতে বুধবার হলফনামা পেশ করে দিল্লি পুলিশের বক্তব্য, ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধুমাত্র মহিলা পুলিশকর্মীরাই মহিলাদের সামাল দেবেন, এমন কোনো বাধ্যবাধ্যকতা নেই। আইন অনুযায়ী, কোনো মহিলাকে গ্রেপ্তার বা তাঁর তল্লাশি চালানোর ক্ষেত্রেই মহিলা পুলিশের প্রয়োজন পড়ে। এমনই বলছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩।

Advertisement

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ভিড়ে বাস্তব পরিস্থিতি বুঝে মহিলা পুলিশকর্মীদের মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হয়। আইনি ভাষায় যাকে বলা হয় ‘অপারেশনাল কনসিডারেশন’। মহিলারা কোনো বিক্ষোভে অংশ নিলে শালীনতা বজায় রাখা, অকারণ সংঘাত এড়ানো সহ একাধিক বিষয়ের উপর নজর রাখতে হয়। বিক্ষোভস্থলে পুরুষ পুলিশকর্মীর উপস্থিতিকে অসদাচরণ হিসেবে গণ্য করা যায় না। জরুরি পরিস্থিতিতে একজন পুরুষ পুলিশকর্মী প্রথমে পদক্ষেপ (ফার্স্ট রেসপন্ডার) করতেই পারেন। এতে আইনি বাধা নেই। মুহূর্তের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়।
সুপ্রিম কোর্ট পুলিশকে জানিয়েছিল, সাংবাদিক, আইনজীবী বা পেশাগত দায়িত্বে থাকা কেউ যেন কর্তব্য পালনে বাধা না পান। পুলিশের বক্তব্য, রিল মেকার্স, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে আদালতের এই নির্দেশ প্রযোজ্য হতে পারে না। অনেকেই ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে সাংবাদিক হিসাবে ঘুরছিলেন। যারা রিল বানায়, তাদের সাংবাদিকের মর্যাদা দেওয়া যায় না। মহিলা সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। অভিযোগপত্রের ফাইল বন্ধ করে দেওয়া হয়েছে।