হায়দরাবাদ: ক্ষমতাসীন কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল ক্রমেই বাড়ছে তেলেঙ্গানায়। উঠছে দুর্নীতির অভিযোগও। উন্নয়নমূলক কাজের অর্থ বন্টন নিয়ে বৈষম্যের নালিশ ও ক্ষমতা রাশ নিয়ে দড়ি টানাটানির আবহে প্রকাশ্যেই সরব হচ্ছেন একের পর এক বিধায়ক। সেই তালিকায় সর্বশেষ সংযোজন মুনুগোড়ের বিধায়ক কোমাতিরেড্ডি রাজগোপাল রেড্ডি। নিজের নির্বাচনি কেন্দ্রে এক অনুষ্ঠান থেকে তিনি একযোগে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, উপমুখ্যমন্ত্রী বিক্রমার্ক ও মন্ত্রী এন উত্তম কুমার রেড্ডির বিরুদ্ধে।
পেনশন সংক্রান্ত ওই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রকাশ্যেই সরব হয়েছেন রাজগোপাল রেড্ডি। রেবন্ত রেড্ডির নাম করে তাঁর তোপ, ‘আপনি কেমন মুখ্যমন্ত্রী? কী ভাষায় কথা বলছেন? আপনি ভাগ্যবান যে মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। শেষ দু’টো বছর অন্তত ভালোভাবে কাজ করুন। তেলেঙ্গানার মানুষের কথা ভাবুন।’ সম্প্রতি মুখ্যমন্ত্রী রেবন্তের হুঁশিয়ারি ছিল, দলের যে নেতারা বিরোধিতা করছেন তাঁদের গুঁড়িয়ে দেবেন। সেই প্রসঙ্গেই পালটা সরব হয়েছেন রাজগোপাল রেড্ডি। রাখঢাক না করে মুখ্যমন্ত্রীকে তাঁর তোপ, ‘কংগ্রেস এক প্রবীণ বিধায়ক যখন উন্নয়ন তহবিলের টাকা চাইছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া আসা দরকার। তাঁকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি কাম্য নয়।’ তহবিলের টাকা আটকে রাখলে কুরুক্ষেত্র বাধতে পারে বলে হুঁশিয়ারি বিধায়কের।



