নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই প্রকাশিত হয়েছে ১০ নভেম্বর। আট দিন কেটে গিয়েছে। বই নিয়ে দেশজোড়া চর্চা অব্যাহত। অন্য রাজনৈতিক বিষয়কে পিছনে ফেলে এখন আলোচনা শুধু এই বই নিয়েই। বিজেপি প্রথম দিন থেকেই এই বই নিয়ে আক্রমণ করছে। এবার বিজেপির জোটসঙ্গী একনাথ সিন্ধের শিবসেনা সরাসরি সোনিয়া গান্ধীর বই নিষিদ্ধ করার দাবি তুলেছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের শাসক জোটের এক শরিক এই দাবি কেন তুলছে, সেই প্রশ্ন উঠছে? কারণ সরকারে তো তারাই। নিষিদ্ধ তাহলে করবে কে? করলে তো, তাদেরই করার কথা? মহারাষ্ট্রে খোদ শিবসেনার সুপ্রিমো একনাথ সিন্ধে সরকারেরই উপ মুখ্যমন্ত্রী। কংগ্রেস কটাক্ষ করে বলেছে, বিজেপি সোনিয়া গান্ধীর বই নিয়ে এত উন্মাদনা আর জনপ্রিয়তা হজম করতে পারছে না। তাই জোটসঙ্গীকে দিয়ে বই নিষিদ্ধ করার দাবি তুলছে। বুধবার অবশ্য শুধুই বই নিষিদ্ধ করার দাবিতেই শিবসেনা সীমাবদ্ধ থাকেনি। বইয়ের একের পর এক পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে। কেন শিবসেনার এই ক্ষোভ? সোনিয়া গান্ধীর বইয়ে লেখা হয়েছে, স্বাধীনতা সংগ্রামীরা যখন লড়াই করছিলেন, তখন বিনায়ক দামোদর সাভারকর ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখছেন। এবং মুচলেকাও দিয়েছেন যে, জেল থেকে মুক্তি পেয়ে তিনি রাজনৈতিক কোনো কর্মসূচির সঙ্গে যুক্ত হবেন না। এই বইয়ের সেইসব পৃষ্ঠাগুলি ছিঁড়েছে শিবসেনা সাংবাদিক সম্মেলনেই। এদিকে তার মধ্যেই শিবসেনার নেত্রী সাইনা এনসি ওই পৃষ্ঠাগুলির মধ্যেই থাকা বালাসাহেব থ্যাকারের একটি ছবির প্রিন্ট আউট ছিঁড়ে ফেলেন। সেটা নিয়ে পালটা আক্রমণ করেছে কংগ্রেস ও উদ্ধব থ্যাকারের শিবসেনা। সাইনা অবশ্য সাফাই দিয়ে বলেন, তিনি মনিশংকর আয়ারের ছবি ছিঁড়েছেন, বালাসাহেব থ্যাকারের নয়।



