নিউ ইয়র্ক ও নয়াদিল্লি: সীমাহীন বেকারত্ব। শিল্পোৎপাদনের ভিত ভেঙে পড়েছে। শিক্ষাব্যবস্থার মূলেও দেখা দিয়েছে ঘুণপোকা। অর্থনৈতিক বিপর্যয়ের আগ্নেয়গিরির উপর বসে আছে ভারত। বিস্ফোরণের অপেক্ষায়। এই আশঙ্কা রাহুল গান্ধীর। তাও মার্কিন মুলুকের এক বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। সম্প্রতি প্রশাসনিক কেরিয়ারের ২৫ বছর সম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে বিজেপি তথা সরকার মহলে প্রচারে ঝড় চলছে। তুলে ধরা হচ্ছে নানাবিধ সাফল্যের খতিয়ান। লোকসভার বিরোধী দলনেতা কিন্তু বারবার সেইসব ‘সাফল্য’কে স্রেফ কাগজে-কলমে বলে দাবি করে এসেছেন। সেই আক্রমণেই আরও একবার শান দিলেন তিনি। সাফ বললেন, ‘ভারতের চলতি অর্থনৈতিক মডেল এক দশক ধরে কাজ বন্ধ করে দিয়েছে। মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়ার মতো প্রকল্পও ভেঙে পড়া মেরুদণ্ড জোড়া লাগাতে ব্যর্থ।’
মঙ্গলবার সকালে নিউ ইয়র্কে পৌঁছান রাহুল। এরপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। সেখানে ছিল পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পড়ুয়া মিলিয়ে কয়েকশো দর্শক-শ্রোতা। গান্ধী পরিবারের সদস্য এবং রাজনীতিক। স্বাভাবিকভাবেই উঠে আসে রাজনীতি এবং ভারতের প্রসঙ্গ। রাহুল বলেন, ‘ক্ষুদ্র-মাঝারি শিল্প ও কৃষিই ভারতীয় অর্থনীতির চালিকাশক্তি। দশকের পর দশক ধরে এই ক্ষেত্রগুলিই কর্মসংস্থান তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে এসেছে। এদের অস্তিত্বই এখন বিপন্ন।’ বিজেপি অবশ্য এরপরই পালটা আক্রমণের পথে হাঁটা শুরু করে দিয়েছে। বুধবার দিল্লিতে দলের সদর দপ্তরে মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, ‘রাহুল গান্ধী বিদেশ সফরে গেলেই ভারতের মতো প্রাণবন্ত, বলিষ্ঠ এবং অভ্যন্তরীণভাবে শক্তিশালী গণতন্ত্রের বিরুদ্ধে তাঁর একটি অশুভ পরিকল্পনা ও কুটিল ষড়যন্ত্র তুলে ধরেন।’ সৌজন্যের ধারকাছ দিয়ে না গিয়ে তিনি লোকসভার বিরোধী দলনেতাকে ‘অপরিণত’, ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘ভারত-বিরোধী’ বলে তোপ দেগেছেন। বিজেপিকে অবশ্য জবাব দিয়েছে কংগ্রেসও। দলের প্রচার শাখার প্রধান পবন খেরার খোঁচা, ‘ওরা অর্থনীতির মৌলিক সমস্যা নিয়ে চিন্তিত নয়। কেবল এই সমস্যাগুলি নিয়ে বিরোধী দলনেতা কিছু বললেই ওরা চিন্তিত হয়ে পড়ে।’
কেন অর্থনীতির মৌলিক সমস্যার প্রসঙ্গ এল? সেই ব্যাখ্যা কিন্তু রাহুল গান্ধী দিয়েছেন। তাঁর দাবি, ‘সরকার লাগাতার পরিষেবা ক্ষেত্রের সাফল্য প্রচার করে চলেছে। এই সেক্টরের উপর এতটা নির্ভরশীল থাকাই উচিত নয়। কারণ, কোনোদিনই পরিষেবা ক্ষেত্রের মাধ্যমে বিপুল কর্মসংস্থান হয় না। খুব বেশি হলে পাঁচ শতাংশ। এই একটা সেক্টরের সঙ্গে গোটা দেশের ভবিষ্যৎ জুড়ে দেওয়া অসম্ভব। অথচ, আমরা যেন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, ভারতের উৎপাদন ক্ষেত্রের প্রয়োজন ফুরিয়েছে।’ দ্ব্যর্থহীন ভাষায় রাহুল বলেছেন, ‘উৎপাদন ক্ষেত্রের পুনরুজ্জীবন জরুরি। তা ছাড়া পরিষেবা ক্ষেত্রেরও সাফল্য সম্ভব নয়।’ গুটিকয় কর্পোরেট বন্ধুর সঙ্গে নরেন্দ্র মোদির ‘যোগসাজশে’র প্রসঙ্গ টেনে তাঁর সরাসরি আক্রমণ, দেশে বেসরকারি বিনিয়োগ থমকে গিয়েছে। সমৃদ্ধি স্রেফ হাতে গোনা দু’-একজনের। আর ক্ষুদ্রশিল্পগুলি চূড়ান্ত অস্তিত্ব সংকটে।’ এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, পৃথিবীর সর্বত্র ভোট চুরির ‘কলঙ্ক’ ফাঁস করে দেবেন। সেটাও এই মঞ্চে করেছেন তিনি। মুখ খুলেছেন এসআইআর বিরোধী বিক্ষোভ নিয়ে। সরাসরি বলেছেন, ‘ভারতে ক্ষমতার রাশ এখন কেন্দ্রীভূত হয়ে পড়েছে। তাই বিভিন্ন স্তরে ও বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুলছে একাধিক গোষ্ঠী। গত এক দশক ধরে এই প্রক্রিয়াটি চলছে।’



