রামলীলা ময়দানে বিক্ষোভ-আন্দোলনের জেরে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি, কংগ্রেস-আপ-সিজেপিকে সুপ্রিম নোটিস
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৭
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ নভেম্বর: রাজনৈতিক প্রতিবাদ, বিক্ষোভ কিংবা আন্দোলনের জেরে ব্যবসায়ীদের পকটে ভাটা পড়েছিল বলে দাবি করেছেলিন রাজধানীর ব্যবসায়ীরা। রামলীলা ময়দানে বিরোধী জোট ইন্ডিয়ার বিশাল জনসভার সময়ই বিশেষ করে দিল্লির পাইকারি বাজারগুলিতে প্রতিবাদের প্রভাব পড়ছে বলে অভিযোগ তোলে ব্যবসায়ী সংগঠনগুলি। তাঁদের দাবি, আন্দোলনের জন্য কোনও জায়গা অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না। এবার সেই দাবিকে কেন্দ্র করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ব্যবসায়ীরা। দিল্লির রামলীলা ময়দানকে নির্দিষ্ট প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার আর্জি জানিয়ে করা সংশোধিত আবেদনের ভিত্তিতে কংগ্রেস, আইসা, এবং আম আদমি পার্টিকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। 

Advertisement

বুধবার, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই মামলার শুনানিতে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সংগঠনগুলির বক্তব্য জানতে চেয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার এবং দিল্লির পুলিশ কমিশনারকেও নোটিস পাঠিয়েছে আদালত। দিল্লি কিরানা কমিটি এবং দিল্লি আয়রন অ্যান্ড হার্ডওয়্যার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই মামলা দায়ের করেছে। আগামী ২৭ নভেম্বর ব্যবসায়ী সংগঠনগুলির আবেদন এবং প্রতিবাদ জানানোর অধিকারের পক্ষে দায়ের হওয়া মামলাগুলির একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, উৎসবের মরশুমে রামলীলা ময়দানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি বন্ধ করার আর্জি জানিয়েছিল ব্যবসায়ী সংগঠনগুলি। তাদের বক্তব্য, রামলীলা ময়দানের আশপাশে একাধিক পাইকারি বাজার রয়েছে। সেখানে লাগাতার আন্দোলন ও জমায়েতের কারণে ব্যবসায়িদের ব্যপক ক্ষতির মুখে পড়তে হয়। ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে কাজ করার অধিকারও ক্ষুণ্ণ হয়। কোনও প্রতিবাদস্থল অনির্দিষ্টকালের জন্য দখল করে রাখা যায় না বলেও আদালতে সওয়াল করেন ব্যবসায়ীদের আইনজীবী তথা প্রবীণ আইনজীবী মুকুল রোহতগি।