স্কুলে বিষাক্ত ধোঁয়ার আতঙ্ক! শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ৬২ জন পড়ুয়া, বন্ধ ক্লাস
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১১:২৩
Prefer us on Google

তিরুবন্তপুরম, ১৯ নভেম্বর: স্কুলের ক্লাসরুম হঠাৎ ঢেকে যায় ঘন ধোঁয়ায়। সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে তীব্র ঝাঁঝালো গন্ধ। শুরু হয় একের পর এক পড়ুয়ার শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় ৬২ জন পড়ুয়াকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কেরলের কোল্লামে। প্রাথমিক অনুমান, স্কুলের কাছেই থাকা একটি আলকাতরা কারখানা থেকে নির্গত ধোঁয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা।

Advertisement

অসুস্থ পড়ুয়াদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষ আপাতত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ, স্কুলের পাশে থাকা একটি আলকাতরা কারখানা থেকে ঘন ধোঁয়া ও তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। তার জেরেই পড়ুয়াদের শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একই স্কুলের বেশ কয়েকজন পড়ুয়া একই ধরনের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। সেই ঘটনার পর কারখানাটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। পরিস্থিতির জেরে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ কারখানাটিকে কাজ বন্ধ রাখার নির্দেশও দিয়েছিল। পরে বিষয়টি গড়ায় হাই কোর্টে। আদালতের নির্দেশ পাওয়ার পর ফের কারখানাটি চালু করে কাজ শুরু করে সংশ্লিষ্ট সংস্থা।

পড়ুয়াদের চিকিৎসার বিষয়ে উদ্যোগী হয়েছেন মন্ত্রী বিন্দু কৃষ্ণ। আক্রান্ত শিশুদের যাতে বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তা নিশ্চিত করতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। জেলাশাসক বা প্রশাসনের কোনও উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছনোর অভিযোগ তুলে পথে নামে ডেমোক্র্যাটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)। বিক্ষোভ মিছিলের পাশাপাশি অবরোধও করেন সংগঠনের কর্মী-সমর্থকরা। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে কেরল রাজ্য মানবাধিকার কমিশন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশ বিষয়ক ইঞ্জিনিয়ার এবং পঞ্চায়েত সচিবকে যৌথভাবে ঘটনার তদন্ত করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।