অখিলেশের রোড শোয়ে চরম বিপত্তি!  বুলডোজারের ধাক্কায় মৃত্যু বিজেপি নেতার ছেলের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ১১:০০
Prefer us on Google

লখনউ, ১৯ নভেম্বর: রাজনৈতিক রোড শো। চারদিকে দলীয় পতাকা, স্লোগান আর ফুলের বৃষ্টি। নেতাকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড়। উৎসবের সেই আবহেই মুহূর্তের মধ্যে নেমে এল শোকের ছায়া। ফুল ছড়াতে ছড়াতে এগিয়ে আসা একটি বুলডোজারের ধাক্কায় প্রাণ গেল ১২ বছরের এক কিশোরের। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ‘পিডিএ রথযাত্রা’ ঘিরে এই মর্মান্তিক ঘটনায় উঠছে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে একাধিক প্রশ্ন।

Advertisement

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আর্যবর্ধন সিং। গোরক্ষপুরের চৌরি চৌরা এলাকার রাজধানী গ্রামের বাসিন্দা সে। তার বাবা ওমকার সিং স্থানীয় বিজেপি নেতা। বুধবার কুড়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পিরিবারের অভিযোগ, রোড শো চলাকালীন একটি বুলডোজার থেকে ফুল ছড়ানো হচ্ছিল। সেই সময় অখিলেশ যাদবের কনভয় সামনের দিকে এগিয়ে গেলেও পিছনে দ্রুতগতিতে আসছিল বুলডোজারটি। আচমকাই ওই কিশোরকে ধাক্কা মারে সেটি। রাস্তাতে ছিটকে গিয়ে পড়ে সে। মাথার পিছনে গুরুতর আঘাত লাগে তার। পরে মৃত্যু হয় ওই কিশোরের।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজনৈতিক কর্মসূচিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নিয়েছিল প্রশাসন? জনবহুল রাস্তায় ভারী বুলডোজার চালানোর অনুমতি কীভাবে দেওয়া হল? ঘটনার পর শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়ান গোরক্ষপুরের বিধায়ক ইঞ্জিনিয়ার সর্বণ নিষাদ। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তিনি। মন্ত্রিসভার সদস্য সঞ্জয় নিষাদও ফোনে বিধায়কের সঙ্গে কথা বলে শোকাহত পরিবারকে সবরকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। রাজ্য বিজেপির তরফে কিশোরের মৃত্যুর জন্য সমাজবাদী পার্টিকেই দায়ী করা হয়েছে। তবে ঘটনার সময় তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন অখিলেশ যাদব। একই সঙ্গে রোড শো ঘিরে প্রশাসনের পর্যাপ্ত বন্দোবস্ত না থাকার অভিযোগ তুলেছেন তিনি।

উল্লেখ্য, বুধবার গোরক্ষপুর বিমানবন্দর থেকে অখিলেশ যাদবের রোড শো শুরু হয়ে শেষ হয় চৌরি চৌরার দেওকাহি গ্রামে। জেলার ন’টি বিধানসভা কেন্দ্র-সহ পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক এই কর্মসূচিতে যোগ দেন।