কলকাতা, ১৯ নভেম্বর: ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান। পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই তীব্র ঘূর্ণিঝড় ১২ কিলোমিটার গতিতে ক্রমশ অগ্রসর হচ্ছে স্থলভাগের দিকে। আবহাওয়া দপ্তর থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৪৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, চেন্নাই থেকে ৫৮০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে, ওড়িশা গোপালপুর থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। শুক্রবার দুপুরে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশে এবং গোপালপুরের পূর্ব দিক ঘেঁষে ওড়িশা উপকূল অতিক্রম করা সম্ভাবনা আকভানের। স্থলভাগ অতিক্রম করার সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকার কথা ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তর অন্ধপ্রদেশ, ইয়ামান ও দক্ষিণ ওড়িশা উপকূলের জন্য লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এই ঝড়ের প্রভাব প্রবলভাবে পড়ার সম্ভাবনা পুরীর ওপর। পুরীর জগন্নাথ মন্দির খোলা থাকলেও গুন্ডিচা মন্দির আজ থেকে শনিবার পর্যন্ত বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পুরীর সমুদ্র সৈকতে লাগানো হয়েছে লাল পতাকা। মাইকিং এর মাধ্যমে পর্যটকদের সমুদ্রের পাড়ে আসতে নিষেধ করা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে পর্যটকদের অনুরোধ করা হয়েছে ২১ তারিখ পর্যন্ত পুরীতে না আসার জন্য। যারা ইতিমধ্যেই সৈকত শহরে রয়েছেন তাদেরকে ফিরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।
পাশাপাশি আকভান নিজের অভিমুখ বদল করায় প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গজুড়ে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। মূলত, সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। পাশাপাশি এই পাঁচ জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়া জেলায়। ওইদিন কলকাতা সহ অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



