নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালায় কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহের পাইপলাইনে যে ফাটল ধরা পড়েছিল, তা মেরামত করতে রেলের অনুমতি প্রয়োজন। তাই বুধবার শিয়ালদহে রেল ও পুরসভার মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন রেলের ডিআরএম রাজীব সাক্সেনা, কলকাতা পুরসভার বিশেষ কমিশনার সৌম্য ভট্টাচার্য, রেল ও পুরসভার অন্যান্য অফিসার। সেখানে পুরসভার তরফে প্রস্তাব জমা দেওয়া হয় রেলকে। টালা ব্রিজের নীচে রেল ইয়ার্ডের মধ্যেই ভূগর্ভস্থ পাইপলাইনে ফাটল ধরেছে। সেখানে প্রায় চার মিটার মাটি খুঁড়ে কাজ পাইপ মেরামতির কাজ সম্পন্ন করাটা বেশ ঝক্কির। কারণ, সেখানে রেলের লাইন ও উড়ালপুলের পিলার রয়েছে। তাই পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে শিট পাইলিং করে কাজ করতে হবে বলে বৈঠকে জানান পুরকর্তারা। পরে এক প্রেস বিবৃতিতে রেল জানিয়েছে, বৈঠক ইতিবাচক হয়েছে। কীভাবে রেলের ট্র্যাক বাঁচিয়ে মাটি কেটে কাজ হবে, তার টেকনিক্যাল দিকসহ যাবতীয় বিস্তারিত পরিকল্পনা জমা দেবে পুরসভা। যৌথভাবে সহযোগিতার ভিত্তিতে দ্রুত কাজ হবে, যাতে শহরবাসীর পানীয় জলের সমস্যা দীর্ঘায়িত না হয়।
উল্লেখ্য, মঙ্গলবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পুরসভা বৈঠক বাতিল করে। তা নিয়ে বিতর্কও হয়। অবশেষে ২৪ ঘণ্টা পর, বুধবার বিকালে সেই বৈঠক হয়। এবার পুরসভা রেলকে চিঠি পাঠাবে সরকারিভাবে অনুমোদনের জন্য। প্রসঙ্গত, কালীপুজোর পরের দিন টালায় পাইপলাইন ফেটে বিপত্তি
ঘটে। পাইপ থেকে বেরিয়ে আসা জলে টালার বিস্তীর্ণ এলাকা কার্যত
বানভাসি হয়ে পড়ে। শহরের নানা অংশে পানীয় জল সরবরাহ ব্যাহত হয়। যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প পথে একটি নতুন পাইপলাইন জুড়ে সরবরাহ স্বাভাবিক করে পুরসভা। কিন্তু ব্রিটিশ আমলের যে পাইপে ফাটল ধরা পড়েছে, সেটি মেরামত না করা গেলে জল সরবরাহে একটা খামতি থেকেই যাবে। তাই দ্রুত পাইপ মেরামতির তোড়জোড় চালাচ্ছে পুরসভা।



