শীতকালীন পাড়ার জলসায় নতুন প্রজন্মের আগ্রহ নেই
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পক্ষে

Advertisement

জয় দাস
 নতুন প্রজন্ম চাকচিক্য ও দেখনদারির পিপাসু। আধুনিক ধাঁচের কনসার্ট ও হাজার মানুষের ভিড়ের চাকচিক্য ছেড়ে শীতকালীন পাড়ার জলসার আন্তরিকতা তাদের কাছে ব্যাকডেটেড। ঘরে বসে নামী গায়কের কনসার্টের অন্যের তোলা ফোটো বা ভিডিও ফুটেজ দেখেই তারা খুশি। পাড়ার জলসাতে অংশগ্রহণ করে পাড়ার জৌলুস বাড়ানোয় বিন্দুমাত্র আগ্রহী নয়।
আইনের ছাত্র

অভিষিক্তা পাল
 একসময় শীতকালীন পাড়ার জলসা ছিল মানুষের মিলনক্ষেত্র। গানের আসর, নাটক, যাত্রাপালায় তৈরি হত উৎসবের পরিবেশ। কিন্তু নতুন প্রজন্ম তো নিজেদের চার দেওয়ালের মধ্যে বন্দি রাখতেই ভালোবাসে। তারা পাড়ায় নয়, সোশ্যাল মিডিয়াতে নিজেদের জনপ্রিয় করতে আগ্রহী। তাই উদ্যোগের অভাবে পাড়ার জলসা সংস্কৃতি এখন অনেকটাই ক্ষীণ।
ছাত্রী 

সোমনাথ দাস
 আজকের প্রজন্ম নিজের কেরিয়ারের প্রতি বেশি আগ্রহী। অভিভাবকরাও তাই চান। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতাও আজ মানুষের মধ্যে বেশি। শীতে রাত জেগে জলসা দেখলে দূষণের জেরে শরীরে ক্ষতি। তাই তারা এড়িয়ে যাওয়াই শ্রেয় মনে করে। 
স্বাস্থ্যকর্মী

বিশ্বজিৎ কর
 হাতে মোবাইল থাকার ফলস্বরূপ আজকের প্রজন্মের কাছে শীতকালীন পাড়ার জলসায় কোনোরকম আগ্রহ নেই। ঘরে বসে কিংবা কোনো আড্ডায় রাত জেগে ওই মোবাইলেই ‘জলসা’ দেখার উৎসাহের মাত্রা বাঁধনছাড়া। কোনোভাবেই এমন জলসায় হাজির হলেও উপস্থিতি ক্ষণস্থায়ী। 
অবসরপ্রাপ্ত কর্মচারী

বিপক্ষে

ফারিহা পারভিন
 বর্তমান প্রজন্ম আধুনিক সমাজ থেকে আরও বেশি আধুনিকতার ছোঁয়া পেতে চায়। এই প্রজন্মের বেশিরভাগ তরুণতরুণী পাড়ার অনুষ্ঠানে উপস্থিত থাকতে চায় না। কিছু মানুষের সমালোচনায় তারা এসব অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে রাখে। সব প্রজন্মই নিজের পাড়ার অনুষ্ঠানে আনন্দ করে। নতুন প্রজন্মও যাতে সেটা করতে পারে, তাদেরকে সেই কাজে এগিয়ে দেওয়া গুরুজনদের দায়িত্ব।
ছাত্রী

শ্রীলেখা ধর
 আজকাল শীতকালীন জলসার আয়োজনে সেই বৈচিত্র আর চোখে পড়ে না। অথচ ছোটোবেলায় ম্যাজিক শো, পুতুলনাচ, লোকসংস্কৃতি ও রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। প্রত্যন্ত অঞ্চলের লোকনৃত্য, লোকসংগীত কিংবা ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও বাদ্যযন্ত্রের যুগলবন্দি যদি জলসার মঞ্চে তুলে ধরা যায়, তবে নতুন প্রজন্মও আকৃষ্ট হবে। 
চাকুরিজীবী

সৌরভ বন্দ্যোপাধ্যায়
 গ্রাম কিংবা মফস্সলের প্রতি঩টি ঘরে টেলিভিশন থাকলেও আমাদের আসল বিনোদন কিন্তু আজও সেই শীতকালীন জলসায়। গ্রামের মানুষ অপেক্ষা করে থাকেন সেই সন্ধে থেকে মাঝরাত পর্যন্ত চলা জলসার জন্য। সময়ের সঙ্গে এই জলসা যেন হারিয়ে যেতে বসেছে। অন্তত শহরে। গ্রাম বা মফস্স঩লে আজও শীত মানে রাতের জলসা।
বিদ্যুৎকর্মী

রিমা কুণ্ডু
 প্রতি বছর ডিসেম্বরের শেষে আমাদের পাড়ায় শীতকালীন জলসা আয়োজিত হয়। বহু তারকা সেখানে পারফর্ম করতে আসেন। আর এই অনুষ্ঠানের দায়িত্বে থাকি আমরা, অর্থাৎ নতুন প্রজন্ম। অবশ্যই বড়োদের সাহায্য নিই। নতুন প্রজন্ম মানেই কেবল মোবাইলে বুঁদ হয়ে থাকা নয়। আমরাও যথেষ্ট উদ্যমী। 
চাকুরিজীবী