নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালির ভাইফোঁটা আর সেখানে জমিয়ে খাওয়াদাওয়া থাকবে না, তা কি হয়? এবারও তাই হয়েছে। ঘরে রান্না যেমন হয়েছে তেমনই মূল্যবৃদ্ধি, রান্নার খাটুনি থেকে নিস্তার পেতে বহু আধুনিক বাঙালি বেছে নিয়েছে রেস্তরাঁর টেবিল বা অনলাইন ফুড ডেলিভারি।
বুধবার শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্যে বোনেদের ‘যমের দুয়ারে পড়ল কাঁটা’র মাধ্যমে কাটল বাঙালির চিরকালীন ‘ভাইফোঁটা’। এখন ‘বোনফোঁটা’র চল হয়েছে কিছু বছর ধরে। এবছরও তার অন্যথা হয়নি। রাজনীতিবিদ থেকে সেলেব্রিটি, নিজের বাড়ির মেঝেতে ছোটো আসন পেতে বসে ভাইফোঁটা নিয়েছেন। বিদেশ থেকেও ডিজিটাল ফোঁটা নিয়েছেন অনেকে। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গৃহস্থ পাড়ার অলিগলি থেকে কানে এসেছে উলুদ্ধনি, শঙ্খধ্বনি। তার প্রস্তুতি শুরু হয়ে যায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই। মিষ্টির দোকানে লম্বা লাইন। কলকাতায় মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল বলে অনেকে মিষ্টি কিনতে এদিন সকালের জন্য অপেক্ষা করছিলেন। ফলে শহরের মিষ্টির দোকানে বুধবার সকাল থেকেই ভিড়। ‘ভাইফোঁটা’ লেখা মিষ্টি পাতে থাকতেই হবে। আর দরকার হলদে-সাদা গোল খাজা। মায়ের কাছে ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা... ছড়া শিখে বলতে বলতে মিষ্টির দোকানে এসেছিল অস্মিতা। সে আর কোনো কথা বলবে না কারণ তাহলে সদ্য শেখা লাইনটি যাবে ভুলে। টালিগঞ্জের মিষ্টির দোকানে দাঁড়িয়ে তার মায়ের বক্তব্য, ‘মেয়ের টেনশন, যদি ফোঁটা দেওয়ার সময় ভুলে যায়। তাই ওটাই এখন আউড়ে যাবে।’ তরুণীদের চিন্তা বেশ গভীর। গিফটে কী দেওয়া হবে দাদা বা ভাইকে তা নিয়ে গভীর চিন্তা তাঁদের। অনলাইনে দেখেশুনে তারপর এসেছেন বাজারে যাচাই করতে। সেরা গিফট তুলে নিতেই হবে। দাদারাও একই কাজে নেমে পড়েছেন। এরপর চিন্তা খাওয়াদাওয়া নিয়ে।
গড়িয়াহাটের একটি রেস্তরাঁর বাইরে অপেক্ষারত এক পরিবার বললেন, ‘বাড়িতে রান্নাবান্না করলে তো ভালোই। কিন্তু সেই সময় আর কোথায়? তার থেকে পছন্দের রেস্তরাঁতে একবেলা খাওয়াই সবদিক থেকে সুবিধার।’ অনেকের কাছে আবার একটা ছুটির দিন বাইরে বেরনোর মানে হয় না। তাই তাঁদের জন্য রয়েছে ‘ক্লাউড কিচেন’ কিংবা অনলাইন ফুড ডেলিভারি। দূর্গাপুজোর পর ভাইফোঁটা আসলে বাঙালির বর্ধিত উত্সব। আরও একটু বাড়িতে সময় কাটানোর উপায়। সব কাটিয়ে বাঙালি এখন জগদ্ধাত্রী পুজোর অপেক্ষায়।



