নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গভীর রাতে আগ্নেয়াস্ত্র ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে নগদ, মোবাইলসহ বিভিন্ন সামগ্রী লুটের অভিযোগ উঠল খাস কলকাতায়। ৮ নভেম্বর রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের কাছে মা উড়ালপুলে ওঠার রাস্তায়। রাতের শহরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে চিহ্নিত করা গেলেও গ্রেপ্তার করা গিয়েছে মাত্র একজনকে। কড়েয়া থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম নুর আলম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অনলাইন ডেলিভারি সংস্থার তিন কর্মী ডিউটি শেষ করে গল্প করতে করতে বাড়ি ফিরছিলেন। প্রায়শই এই সময় তাঁরা ট্যাংরা এলাকা থেকে কড়েয়া এলাকার বাড়িতে ফেরেন। ৮ তারিখ একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। আচমকাই তাঁদের পথ আটকায় চার যুবক। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে দুষ্কৃতীরা। ভয় পেয়ে যান তিনজন। এমনকি, তাদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকানো হয় বলে অভিযোগ। এক দুষ্কৃতী অভিযোগকারীদের বুকে ছুরি ধরেও ভয় দেখায়। তাঁদের কাছে থাকা সমস্ত জিনিসপত্র দিয়ে দিতে বলে। ভয়ে সকলেই তাঁদের কাছে থাকা নগদ, মোবাইল, চার্জারসহ মূল্যবান সামগ্রী দিয়ে দেন।
সব মিলিয়ে তারা নগদ চার হাজার টাকা লুট করে বলে জানা গিয়েছে। যাওয়ার সময় বলে যায়, অভিযোগ জানালে ফল ভালো হবে না। তাদের হাত থেকে ছাড়া পেয়ে ওই তিনজন কড়েয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ লুটের মামলা রুজু করে।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ প্রথমে ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়। চারজনকে চিহ্নিত করা হয়। সোর্স কাজে লাগিয়ে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা প্রত্যেকে তপসিয়া, তিলজলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নুরকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পলাতক।



