জলের ট্যাংকার চেয়ে লাগাতার ফোন পুরসভায়, দুর্ভোগ জারি
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালায় পাইপলাইনে ফাটল বিপর্যয়ের কারণে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পরিষেবা স্বাভাবিক করতে টালা পোস্টঅফিস মোড়ের কাছে খালপাড়ে নতুন পাইপলাইন জোড়া লাগাচ্ছে কলকাতা পুরসভা। সেই কাজের জন্য মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে জল সরবরাহে বিঘ্ন ঘটার কথা আগেই জানিয়েছে পুর কর্তৃপক্ষ। 

Advertisement

বুধবার নতুন করে গোটা বেলগাছিয়া ও তারাশংকর সরণির আশপাশের এলাকায় জল সরবরাহ বন্ধ থাকার কথা জানানো হয়। ৬-৭ ঘণ্টার জন্য ওই সব এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ ছিল। মঙ্গলবারের পর বুধবারও শহরজুড়ে পানীয় জলের ঘাটতি প্রকট ছিল। বিশেষ করে বিভিন্ন কলোনি ও নিম্মবিত্তদের এলাকায় জলের গাড়ি পাঠাতে হয়েছে পুরসভাকে। দুর্ভোগের ছবি দেখা গিয়েছে বেলতলা, বউবাজারের মতো এলাকায়ও। এই অবস্থায় যে ফোন নম্বর এবং পুরসভার টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছিল, তাতে পানীয় জলের সমস্যা নিয়ে মুহুর্মুহু ফোন আসে। রীতিমতো জেরবার হতে হয়েছে পুরকর্মীদের। পুরসভার জল সরবরাহ বিভাগ জানাচ্ছে, পানীয় জলের সমস্যা জানিয়ে ২০৫টি ফোন এসেছে। 
৩০০টির বেশি জায়গায় জলের গাড়ি পাঠাতে হয়েছে। অন্যদিকে, নতুন পাইপলাইন জোড়ার কাজও চলছে দ্রুত গতিতে। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, শুক্রবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও, যে গতিতে কাজ এগচ্ছে, তাতে বৃহস্পতিবার বিকাল বা সন্ধ্যার পর জল সরবরাহ স্বাভাবিক করে দেওয়া যাবে বলে তাঁরা আশাবাদী। এক আধিকারিক বলেন, ‘জলের গাড়ি চেয়ে যত ফোন এসেছে, সব জায়গায় ট্যাংকার পাঠিয়ে পর্যাপ্ত জল দেওয়া যায়নি। তাও যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে।’  নিজস্ব চিত্র