জামিন পেয়ে মারধর, শ্লীলতাহানি, ফের গ্রেপ্তার খুনে অভিযুক্ত যুবক
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুনের ঘটনায় জামিন পেয়েছে অভিযুক্ত। জেল থেকে ছাড়া পাওয়ার পর বাইরে এসে ফের আরেকটি অপরাধে জড়ালো সে। এবার তার বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, খুনের হুমকির অভিযোগ উঠেছে। আনন্দপুর এলাকায় একটি খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল মঙ্গল মণ্ডল। সম্প্রতি সে জামিনে ছাড়া পায়। মঙ্গলবার মঙ্গল এক তরুণীর শ্লীলতাহানি করে বলে জানা গিয়েছে। এমনকি, নির্যাতিতাকে মারধরের পর খুনের হুমকিও দেয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করে মঙ্গলকে ফের গ্রেপ্তার করেছে আনন্দপুর থানা।

Advertisement

২০২২ সালের জানুয়ারি মাসে খুন হন বিশ্বজিৎ জানা। আনন্দপুর থানা এলাকায় একটি পরিত্যক্ত গ্যারাজ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, মদ্যপান নিয়ে বচসার জেরে লোহার রড ও সিমেন্টের স্ল্যাব দিয়ে মাথায় আঘাত করে তাঁকে খুন করে মঙ্গল। এরপর গ্রেপ্তার করা হয় মঙ্গলকে। কিছুদিন আগে জামিনে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার আনন্দপুর এলাকায় আসে সে। অভিযোগ, সেখানে পুরানো শাগরেদদের সঙ্গে দেখা করে মঙ্গল। স্থানীয়দের দাবি, সে এলাকায় গোলমাল পাকানোর ছক কষছিল। এলাকা দখল করে তোলাবাজি চালানোই ছিল তার ফন্দি। স্থানীয়রা এর প্রতিবাদ করেন। এলাকার এক তরুণী মঙ্গলের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অভিযোগ, এই সময় তাঁর উপর চড়াও হয় সে। তরুণীকে মারধর করার পাশাপাশি অশ্লীলভাবে স্পর্শও করে মঙ্গল। অভিযোগকারিণীর দাবি, বেশি বাড়াবাড়ি করলে তরুণীকে সে খুন করতেও পিছপা হবে না। এরপরই নির্যাতিতা আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ওই রাতেই মঙ্গলকে গ্রেপ্তার করে। কিন্তু খুনের ঘটনায় অভিযুক্ত এলাকায় ফিরে যেভাবে দাপট দেখিয়েছে, তাতে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।