নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছটের পুণ্যার্থীদের হাতে পুজোর সামগ্রী তুলে দিতে কাল, শুক্রবার ভাটপাড়ায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সন্ধ্যায় জগদ্দলের জালেবি মাঠে ছটের ব্রতীদের সমাবেশের আয়োজন করা হয়েছে। এর অন্যতম উদ্যোক্তা ভাটপাড়ার বিধায়ক পবন সিং। সেখানে ১৫ হাজার ছটব্রতীকে পুজোর সামগ্রী দেওয়া হবে। মাঠ পরিষ্কার করে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। বিধানসভা ভোটের পর এই প্রথম ভাটপাড়া-জগদ্দল এলাকায় আসছেন শুভেন্দু অধিকারী। তাই অনুষ্ঠান সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন স্থানীয় বিজেপি নেতারা। গোটা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বারাকপুর শিল্পাঞ্চলের নেতা তথা শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বৈঠক করেছেন পুলিশ কমিশনার অমিত কুমার সিং। আজ, বৃহস্পতিবার বড়মার বিসর্জনের পরই পুলিশকর্তারা মুখ্যমন্ত্রীর সফর নিয়ে প্রস্তুতি শুরু করে দেবেন বলে খবর।
দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছট নিয়ে বারাকপুর শিল্পাঞ্চলে রীতিমতো উৎসবের মেজাজ। প্রতিটি গঙ্গার ঘাট মেরামত ও সাফসুতরো করা হয়েছে। গঙ্গার পাড়ে নতুন করে বসানো হয়েছে আলো। অনেকেই দণ্ডী কাটেন। তাণদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, তার জন্যও যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অর্জুন সিং। তিনি বলেন, ‘অবাঙালিদের কাছে ছট একটি বড়ো উৎসব। বহু মানুষ অংশগ্রহণ করেন। সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাদের সঙ্গে মিলিত হওয়ার জন্যই মুখ্যমন্ত্রী আসছেন। মঞ্চ থেকে তিনি ১০ জনের হাতে ছট সামগ্রী তুলে দেবেন। মঞ্চ থেকে মোট ১৫ হাজার ছটব্রতীকে পূজার সামগ্রী দেওয়া হবে।’



