Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ছোটো মাছের স্বাদ

চুনো মাছ বা ছোটো মাছ দিয়ে বানানো যায় নানারকম রেসিপি। একটু ভিন্ন স্বাদের এই রান্নাগুলো সহজেই বানিয়ে ফেলতে পারেন বাড়িতে।

ছোটো মাছের স্বাদ
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কুমড়ো পাতায় কাচকি মাছের বড়া 

Advertisement

উপকরণ: কুমড়ো পাতা ৪-৫টা, কাচকি মাছ ২৫০ গ্রাম, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো ১ চা চামচ, শুকনো লংকা গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১টি, আদা-রশুন কুচি ১ টেবিল চামচ, কাঁচালংকা কুচি ২টি, ধনেপাতা কুচি পরিমাণমতো, চালের গুঁড়ো ৪ টেবিল চামচ, সরষের তেল ১ টেবিল চামচ, ময়দা ৪ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কালো জিরে ১ চা চামচ, চিনি পরিমাণমতো, সাদা তেল ২ কাপ। সাজানোর জন্য: টম্যাটো স্যস, কাসুন্দি।

প্রণালী: প্রথমে একটি বাটিতে কাচকি মাছ নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লংকা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা-রশুন কুচি, কাঁচালংকা কুচি, ধনেপাতা কুচি, সরষের তেল, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আরেকটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন-চিনি ও জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর প্লেটে একটি করে কুমড়ো পাতা নিন তার মধ্যে কাচকি মাছের মিশ্রণ দিয়ে চারদিক দিয়ে ভালো করে মুড়ে নিন। এবার তা ব্যাটারে ডুবিয়ে নিন। তারপর কড়াইতে সাদা তেল গরম করে ভালো করে দু’পিঠ ভেজে নিলেই তৈরি কুমড়ো পাতায় কাচকি মাছের বড়া।

মৌরলা মাছের কাবরি

উপকরণ: মৌরলা মাছ ৩০০ গ্রাম, তেজপাতা ৩টা, ছোটো এলাচ ৫টা, দারচিনি ২ কাঠি, মাখন ১ টেবিল চামচ, সরষের তেল ১/২ কাপ, নুন স্বাদমতো, চিনি সামান্য, কাঁচালংকা ৩টে, আদা বাটা ১ টেবিল চামচ, দুধ ২ কাপ, কাজু বাটা ২ টেবিল চামচ।

প্রণালী: প্রথমে মৌরলা মাছ নুন মাখিয়ে হালকা ভেজে তুলে নিন। এরপর ওই তেলে দুধ মিশিয়ে দিন। তাতে তেজপাতা দিন। গরমমশলা ও কাঁচালংকা অল্প থেঁতো করে নিয়ে তা দুধে দিয়ে দিন। তারপর আদা বাটা দিন। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন। দুধ ঘন হয়ে ফুটে উঠলে ভাজা মৌরলা মাছ দিয়ে দিন। স্বাদমতো নুন-চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিন। দুধের মিশ্রণটি ঘন হয়ে এলে কাজুবাটা দিয়ে দিন। খুব ভালো করে মিশিয়ে উপর থেকে মাখন ছড়িয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে ৫ মিনিট রেখে দিন। তৈরি মৌরলা মাছের কাবরি।
অনুরাগ দাস

কুচো চিংড়ির পপকর্ন

উপকরণ: কুচো চিংড়ি ২০০ গ্রাম, নুন পরিমাণ মতো, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, কাশ্মীরি লংকার গুঁড়ো ১ চা চামচ, বেসন ২ টেবিল চামচ, ময়দা ৪ টেবিল চামচ, চিনি সামান্য, লেবুর রস ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ব্রেড ক্রাম্বস পরিমাণ মতো, সাদা তেল ভাজার জন্য। 

প্রণালী: প্রথমে কুচো চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তা একটি বাটিতে নিয়ে তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লেবুর রস মাখিয়ে রাখতে হবে। এবার আরেকটি বাটিতে ময়দা, বেসন, আদা বাটা, কর্নফ্লাওয়ার, নুন, চিনি, কাশ্মীরি লাল লংকার গুঁড়ো ও অল্প অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিন। তারপর আরেকটি প্লেটে ব্রেড ক্রাম্বস ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ছড়িয়ে রাখুন। এবার মাখা চিংড়ি মাছ থেকে মণ্ড করে তা গোল গোল করে গড়ে নিন। তারপর তা ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মিশ্রণে কোট করে নিন। এরপর কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিলেই তৈরি কুচো চিংড়ির পপকর্ন।

Advertisement
সম্পর্কিত সংবাদ