Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন মুলুকে অবৈধ অভিবাসীদের ধরপাকড়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, গ্রেপ্তার ৪০০, লস এঞ্জেলসে ফের কার্ফু লাগু

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে অবৈধ অভিবাসীদের ধরপাকড়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি।

মার্কিন মুলুকে অবৈধ অভিবাসীদের ধরপাকড়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, গ্রেপ্তার ৪০০, লস এঞ্জেলসে ফের কার্ফু লাগু
  • ১২ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া, ১২ জুন: ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে অবৈধ অভিবাসীদের ধরপাকড়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। যতদিন যাচ্ছে বিক্ষোভ বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় চার হাজার সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। পাঠানো হয়েছে মার্কিনি সেনার মেরিন বিভাগকেও। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্ফু লাগু করেছিলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। যা বুধবার(স্থানীয় সময়) সকালে সাময়িকের জন্য তুলে নিয়ে ফের লাগু করা হয়। অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

Advertisement

তাতে মদত দিচ্ছে বেশ কয়েকটি এনজিও, দাবি ট্রাম্প প্রশাসনের। সূত্রের খবর, এবার সেই বিক্ষোভ আর শুধুমাত্র লস এঞ্জেলসে সীমাবদ্ধ নেই। আমেরিকার একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়েছে যা সপ্তাহের শেষে আরও বাড়তে পারে বলে অনুমান। অস্টিন, টেক্সাস, শিকাগো, নিউ ইয়র্ক, ডেনভার ও ডালাসেও শুরু হয়েছে বিক্ষোভ, আন্দোলন। রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে আমজনতা। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারির বিরুদ্ধে দেওয়া হচ্ছে স্লোগান, হাতে রয়েছে প্ল্যাকার্ডও। সূত্রের খবর, আগামী শনিবার থেকে রাস্তায় নামতে চলেছেন আরও সমাজকর্মীদের দল। কারণ আগামী শনিবার আমেরিকার সেনার ২৫০তম বর্ষপূর্তি। এই বিক্ষোভের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪০০ জনকে। যার মধ্যে ৩০০ জনের বেশি পরিযায়ী। যাঁদের পর্যাপ্ত ডকুমেন্ট নেই। বাকিরা আন্দোলনের নামে তাণ্ডব দেখানো, ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাকে বিক্ষোভকারীদের আটকের নির্দেশও দেওয়া হয়েছে। এরই মাঝে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে শিকাগোতে। সেখানকার আইসিই দপ্তরের বাইরে ট্রাম্পের নতুন অভিবাসী নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন অনেকেই। আচমকাই সেই বিক্ষোভ সমাবেশে ঢুকে পড়ে একটি দ্রুত গতিতে আসা গাড়ি। যার ফলে জখম হয়েছেন এক বৃদ্ধা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ