• ‘সপ্তপদী’তে ডাক্তারি পড়ুয়ার চরিত্রে উত্তম কুমারের অভিনয়ে মুগ্ধ হননি এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। ফুটবল, টেনিস বা রঙ্গমঞ্চে তাক লাগানো দক্ষতা কৃষ্ণেন্দুর। আবার চিকিৎসা শাস্ত্রে মেধা কিংবা রীনা ব্রাউনের সঙ্গে প্রেমের দৃশ্য আজও উপমা হয়ে বারবার ফিরে আসে আমাদের জীবনে। শুধু ‘সপ্তপদী’ কেন, হালফিলে বলিউডে ‘মুন্নাভাই এমবিবিএস’এর মুন্না ওরফে সঞ্জয় দত্ত দেখিয়েছেন ডাক্তারি পড়ুয়ার জীবনের নানান ওঠাপড়ার ঘটনা। তবু রিল লাইফের সঙ্গে রিয়েল দুনিয়ার ব্যবধান কোথাও রয়েই গিয়েছে। এবার সেই ফারাক মেটানোর উদ্যোগ নিলেন খোদ চিকিৎসকরা। তাঁদের পড়ুয়া জীবনের নানান বাস্তব কাহিনি নিয়ে তৈরি হয়েছে একটি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা। ছবিটির প্রাণকেন্দ্র কলকাতা মেডিকেল কলেজ। কাঁচি, স্ক্যাল্প, টেথস্কোপ ধরা হাতে তুলে নিয়েছেন ক্যামেরা। প্রেসক্রিপশনে অভস্ত আঙুলগুলি জোর দিয়েছে স্ক্রিপ্ট লেখায়। ছবির পরিচালক থেকে অভিনেতা সকলেই চিকিৎসক। ডাক্তার শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়ের পরিচালনায় সেই সিনেমা ‘প্রত্যাবর্তন’ মুক্তি পাচ্ছে ৩০ জানুয়ারি।



