নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নলবাহিত গ্যাস প্রকল্পের উদ্বোধন করে দুর্গাপুরের উজ্জ্বল ভবিষ্যতের ছবি আঁকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শিল্পাঞ্চলের বন্ধ কলকারখানাগুলি নিয়ে একটি শব্দও খরচ করলেন না। যাতে আশাহত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শ্রমিকরা।
এদিন দুর্গাপুরে গ্যাস প্রকল্পের উদ্বোধন করে মোদি বলেন, কলকাতা-দুর্গাপুর গ্যাস প্রকল্প এখানকার শিল্পে নতুন জীবন দান করবে। এই গ্যাস প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র। এই প্রকল্পের মাধ্যমে সিএনজি গাড়ি চালাতে পারবেন। তাতে যাতায়াতের খরচ বাঁচবে। এই গ্যাস প্রকল্পের মাধ্যমে কারখানাগুলি নতুন শক্তি পাবে, উজ্জীবিত হবে। বোনদের রান্নাঘরে নলের মাধ্যমে গ্যাস পাওয়া যাবে। সস্তার গ্যাসে রান্না হবে। সস্তায় গ্যাস পেয়ে উদ্যোগপতিরা নতুন বিনিয়োগে উৎসাহ পাবেন। দুর্গাপুরের বিকাশের কথা ভেবেই তাঁরা যে স্টিল কারখানাগুলিকেও আধুনিক করছেন তাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। গ্যাস প্রকল্পের সাফল্য নিয়ে মোদি অতি আশাবাদী হলেও বন্ধ কারখানা খোলা নিয়ে তাঁদের কী পরিকল্পনা, তা নিয়ে মুখ কুলুপ এঁটেছেন। বরং কারখানা বন্ধ হওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেছেন। মোদি বলেন, একটা সময়ে দুর্গাপুর বর্ধমান ও আসানসোল ভারতীয় শিল্পে গতি এনেছিল। কিন্তু সেখানে নতুন উদ্যোগ আর আসছে না। যা ছিল তাতেও তালা লেগে যাচ্ছে। এরপরই তৃণমূলের গুন্ডা ট্যাক্স নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বিনিয়োগকারীদের তৃণমূলের সিন্ডিকেট অত্যাচার করছে। তাই আর কেউ বিনিয়োগ করতে চাইছে না। তিনি বলেন, এবার বাংলা পরিবর্তন চাইছে। একবার বিজেপিকে সুযোগ দিন। বিজেপি পশ্চিমবঙ্গকে নিয়ে বড় স্বপ্ন দেখে। দুর্গাপুরের গৌরবও ফিরিয়ে আনা হবে। এবার দুর্গাপুর থেকে ৫ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন তারই প্রথম পদক্ষেপ। দুর্গাপুরের সেন্টিমেন্টে নাড়া দিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক প্রয়াত বিধানচন্দ্র রায়ের প্রশংসাও শোনা যায় মোদির গলায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশংসা করার পরই বলেন, বাংলার মাটি বিধানচন্দ্র রায়ের মতো নেতার মাটি। যিনি দুর্গাপুরকে নিয়ে বড় স্বপ্ন দেখে তা পূরণ করেছিলেন। নরেন্দ্র মোদির ‘দুর্গাপুর বিকাশ’-কে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কীভাবে দুর্গাপুরের গৌরব ফেরাবেন তা কেন বললেন না? দুর্গাপুর ও আসানসোলে বিজেপি সরকারের আমলে একের পর এক সরকারি কারখানা বন্ধ হয়েছে। তা খোলার কথা কেন প্রধানমন্ত্রীর ভাষণে নেই। গ্যাস প্রকল্পের কাজ তাঁদের আগের আমলেই শুরু হয়েছে। এখানেও ওঁর কৃতিত্ব নেই। বাংলাকে ‘বিকশিত বাংলা’ করবেন বলছেন, তাহলে বাংলার প্রতি কেন বঞ্চনা করছেন তার উত্তর দিলেন না। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।-নিজস্ব চিত্র