নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির শাসনকালে দেশের মানুষের দুর্বিষহ অবস্থার ছবি প্রতিদিন প্রকট হচ্ছে। কখনও ভোটাধিকার, কখনও নাগরিকত্ব কেড়ে নেওয়ার ভয় দেখানো হচ্ছে আম জনতাকে। সেই সঙ্গে বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের ধারাবাহিক বঞ্চনা ও অবমাননা চলছে। এই সামগ্রিক প্রেক্ষাপটেই স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার মানুষকে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপির শাসনকালে দেশের মানুষ যে কার্যত পরাধীন হয়ে পড়ছে—সেই বার্তাই দিতে চলেছেন মমতা। এর আগেও অবশ্য তৃণমূল সুপ্রিমো একাধিকবার বলেছেন, ‘বিজেপির শাসনকালে সাধারণ মানুষের কথা বলার স্বাধীনতা নেই। কেউ কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলসে তাঁকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান করা হচ্ছে।’
শুক্রবার স্বাধীনতা দিবস। তার আগে আজ, বৃহস্পতিবার ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই যথাযথ মর্যাদায় এই কর্মসূচি পালন করে থাকে তৃণমূল। এদিন সন্ধ্যায় বেহালার ম্যান্টনে এই কর্মসূচি রয়েছে। তারপর ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ পালিত হবে হাজরা মোড়ে। সেখানেও উপস্থিত থাকবেন মমতা।
ইতিমধ্যে তৃণমূল নেত্রী ‘বিজেপি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তুলেছেন। সেই সুরেই তিনি স্বাধীনতা দিবসের প্রাক্কালেও সরব হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, সম্প্রতি যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণের ঘটনা সামনে এসেছে এবং বাংলা ভাষাকে বিজেপি নেতারা যেভাবে অপমান করছেন, মমতা তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করবেন। বিজেপির হাতে ‘পরাধীন’ দেশবাসীকে ‘প্রকৃত স্বাধীনতা’ দিতে দিল্লির মসনদ থেকে তাদের হটানোর ডাক দেবেন তিনি।