নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ। সল্টলেকের সিটি সেন্টার এলাকার একটি নামী রেস্তরাঁ ও একটি মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড করল খাদ্য সুরক্ষা দপ্তর। রেস্তরাঁর বিরুদ্ধে খাবারের গুণগত মান এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অভিযোগ উঠেছে। অন্যদিকে, মিষ্টির দোকানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং খাদ্য সুরক্ষা দপ্তরের নিয়ম না মানার অভিযোগ রয়েছে। পাশাপাশি, ওই দোকানে মিলেছে মেয়াদ উত্তীর্ণ লস্যিও। তার পরেই এই পদক্ষেপ।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে সিটি সেন্টার লাগোয়া প্রায় ১০টি খাবারের দোকান ও বেকারিতে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের ইন্সপেক্টর প্রসেনজিৎ বটব্যাল, ফুড সেফটি অফিসার সাকির হোসেন সহ অন্যরা। রেস্তরাঁয় খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হয়। খাবার তৈরি এবং সংরক্ষণের পরিবেশ নিয়েও প্রশ্ন ওঠে। দেখা যায়, ফ্রিজে থাকা মাংসে ছত্রাক ধরে গিয়েছে। রান্নাঘরের পরিবেশও চূড়ান্ত অস্বাস্থ্যকর। মজুত রয়েছে মেয়াদোত্তীর্ণ পনির ও খাদ্যসামগ্রী। অন্যদিকে, মিষ্টির দোকানে নথিপত্র সংক্রান্ত ত্রুটি ধরা পড়ে। সঙ্গে মেলে মেয়াদোত্তীর্ণ লস্যিও।
প্রসঙ্গত, খাদ্য সুরক্ষা বিধি না মানায় কয়েকদিন আগেই এই দু’টি দোকানকে মোটা টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তার পরেও কোনো বদল আসেনি। তাই এক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়ে লাইসেন্স সাসপেন্ড করল দপ্তর।



